তিরঙ্গা জাতীয় পতাকার বদলে এবার গেরুয়া রঙের জাতীয় পতাকার দাবি তুললেন বিজেপি নেতা! সেই নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। কেরলের পালাক্কাড়ে বিজেপির একটি প্রতিবাদ সভায় জাতীয় পতাকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা এবং প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য এন. শিবরাজন। প্রকাশ্য সভায় তিনি বলেন, “ভারতের জাতীয় পতাকার জায়গায় গেরুয়া পতাকা তুলে ধরা উচিত।” এই মন্তব্য সামনে আসতেই জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিকে দিকে চলছে প্রতিবাদ।
কেরালার পালাক্কাড় জেলার আঞ্চুভিলাক্কু মোড়ে বিজেপি এক সভার আয়োজন করেছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিবরাজন। সভার মঞ্চ থেকে শিবরাজন বলেন, “জাতীয় পতাকার মতো দেখতে কোনো দলের পতাকা ব্যবহার বন্ধ করা উচিত। কংগ্রেস সবুজ পতাকা ব্যবহার করুক, আর সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী চাইলে ইতালির পতাকা ওড়াতে পারেন।” তিনি আরও বলেন, ভারতের প্রকৃত প্রতীক হতে পারে কেবলমাত্র গেরুয়া পতাকা।
শুধু তাই নয়, কেরালার শিক্ষামন্ত্রী ভি. শিবনকুট্টির নাম বিকৃত করে অপমানজনকভাবে তাঁকে “শবনকুট্টি” বলে কটাক্ষ করেন বিজেপি নেতা শিবরাজন। তাঁর এই মন্তব্যে মালয়ালমভাষী জনসাধারণের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরপরই পালাক্কাড় শহরে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। কংগ্রেসের পক্ষ থেকে পালাক্কাড় ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সি. ভি. সতীশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি শিবরাজনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির কড়া ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিবরাজনের মন্তব্যকে “জাতীয় পতাকার প্রতি চরম অসম্মান” বলে তোপ দেগেছেন করেছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। তাঁদের বক্তব্য, এই মন্তব্য কেবল ভারতীয় সংবিধান ও জাতীয় প্রতীককেই অপমান করেনি, বরং দেশের ঐক্য, অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে প্রশ্নের মুখে ফেলেছে।
