সোমবার দেশের চার রাজ্যের পাঁচটি কেন্দ্রে চলছে উপনির্বাচনের ভোটগণনা। গুজরাটের দুটি, পঞ্জাব, কেরল ও পশ্চিমবঙ্গের একটি করে আসনে গত ১৯ জুন বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছিল। তারই ফল ঘোষিত হবে সোমবার। এ রাজ্যের নদিয়া জেলার কালীগঞ্জ আসনে হয়েছে উপনির্বাচন। প্রাথমিক ট্রেন্ড বলছে, ওই আসনে শুরু থেকেই এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল। অন্য দিকে, গুজরাটের দুই আসনে এগিয়ে বিজেপি। কেরল ও পঞ্জাবের একটি করে আসনে যথাক্রমে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ও আপ।
সকাল ১১টা নাগাদ পঞ্চম রাউন্ডের গণনা শেষে কালীগঞ্জের উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই ব্যবধান অনেক বাড়িয়ে ফেলেছে তৃণমূল। এই ট্রেন্ড জিইয়ে থাকলে ধরাশায়ী হতে চলেছে বিরোধীরা। পঞ্চম রাউন্ড শেষে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ২৩ হাজার ৮৩২ ভোট। সেখানে বিজেপির ঝুলিতে ৯ হাজার ৩৭০ ভোট ও কংগ্রেসের ঝুলিতে ৯ হাজার ২০৬টি ভোট। নোটা পেয়েছে ৪৫৮টি ভোট। অর্থাৎ দ্বিতীয় স্থানে বিরোধীদের মধ্যেই চলছে জোর টক্কর।
তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের মৃত্যু হওয়ায় কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আবশ্যিক হয়ে পড়ে। ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন তিনি। নাসিরুদ্দিনের মৃত্যুর পর চার মাস বিধায়কহীন ছিল কালীগঞ্জ। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। কমিশন সূত্রে খবর, মোট ২৩ রাউন্ড গণনা হতে পারে কালীগঞ্জে।
পরের বছরই পশ্চিমবঙ্গ ও কেরলে রয়েছে বিধানসভা নির্বাচন। অবিজেপি দুই রাজ্যে বিজেপি থাবা বসাতে পারবে কি না, তারই লিটমাস টেস্ট উপনির্বাচনে। যদিও কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেসে নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ওরফে ইউডিএফ। এ দিকে গত দিল্লি বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আপ। উপনির্বাচনে পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে এগিয়ে রয়েছে তারা। গুজরাতের ভিসাভাদর এবং কড়ী বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপিই।
