গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল নেট দুনিয়ায়! রীতিমতো ভয়াবহ বিস্ফোরণের ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের। ১৮ জুন দুপুর ৩টা নাগাদ ঘটেছে এই ঘটনা। যদিও ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
ভিডিয়োর শুরুতে দেখা যায়, রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা একটি এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে। এক মহিলা গ্যাসের লিক বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু ঝুঁকি রয়েছে বুঝে দ্রুত বেরিয়ে যান ঘর থেকে। সম্ভবত সাহায্যের জন্য কাউকে ডাকতে যান তিনি। এরপর দেখা যায় তিনি এক ব্যক্তিকে ডেকে আনেন। দু’জনে আলাদা দরজা দিয়ে ঘরে ঢুকে গ্যাসের ভালভ বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের বাতাসে গ্যাস ছড়িয়ে পড়েছে।
হঠাৎই রান্নার চুল্লির আগুনের স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই ঘরে আগুনের জ্বালা ও ধোঁয়ায় ভরে ওঠে। কিন্তু ভাগ্যক্রমে, আগুনে গুরুতরভাবে আহত হননি কেউই। অনেকে মনে করছেন, দরজা-জানালা খোলা থাকায় গ্যাস পুরোপুরি ঘরের ভেতর জমতে পারেনি। সেই কারণেই বিস্ফোরণের প্রভাব কিছুটা কম হয়েছে এবং প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এই ভিডিয়োটি প্রথমে রেডিট-এ প্রকাশিত হয়, পরে তা এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়ে। অনেকেই বিস্মিত হয়ে বলেছেন “দরজা-জানালা খোলা থাকাই ওদের প্রাণ বাঁচিয়েছে।” গ্যাস লিক কোন সাধারণ ঘটনা নয়। কখনও যদি গ্যাস লিকেজের মতো ঘটনা ঘটে তাহলে জানালা দরজা খোলা থাকলে বিপদের হাত থেকে বাঁচা যেতে পারে।
