সুদীপ্ত চট্টোপাধ্যায়
কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার শেষ মুহূর্তে প্রাণহানির ঘটনা। বিজয় উল্লাহ থেকে ছড়া সকেট বোমার জেরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে বসলো নির্বাচন কমিশন। বিজয় মিছিল করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে চায় নির্বাচন কমিশন। এ ব্যাপারে সংশ্লিষ্ট জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিশেষ বৈঠক করবেন। সেই বৈঠকে রাজনৈতিক দলগুলিকে বিজয় মিছিল করার কি কি কর্মসূচি রয়েছে তা বিশদে জানাতে হবে। সেই অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু এখনও কালীগঞ্জ বিধানসভা এলাকায় আদর্শ আচরণ বিধি চালু রয়েছে সে কারণে ওই এলাকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখনও কমিশনের ঘাড়েই বর্তায়। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া উপনির্বাচনে শেষ মুহূর্তের এই নাবালিকার প্রাণহানির ঘটনা অস্বস্তিতে ফেলেছে নির্বাচন কমিশনকে। এখনো কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে বিজয় মিছিল করা হবে কি হবে না বা তা করতে গেলে কোন শর্ত আরোপ করা হবে কিনা সে বিষয়ে বিশদ তথ্য জানতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলিকে তাদের গণনা পরবর্তী কর্মসূচি কি কি রয়েছে তা নির্বাচন কমিশন কে জানানোর জন্য জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সমস্ত দলের সঙ্গে বৈঠক করে এই তথ্য সংগ্রহ করবেন এবং তামুক্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে পাঠাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিআইজি এবং নদিয়া জেলাশাসক রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে চতুর্থ শ্রেণীর নাবালিকা প্রাণহানির ঘটনার কথা জানিয়েছেন। কমিশনের পক্ষ থেকে তথ্য পাওয়ার কথা স্বীকার করেও সম্পূর্ণ রিপোর্ট জেলা প্রশাসনের কাছে চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
