সুদীপ্ত চট্টোপাধ্যায়
প্রত্যাশিতভাবেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে হারিয়ে কালীগঞ্জের নতুন বিধায়ক হলেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ। প্রয়াত বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েই এবার রাজ্য বিধানসভায় পা রাখবেন আলিফা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী
৫০ হাজার ৪৯ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষ পেয়েছেন ৫২ হাজার ৭১০ ভোট। তবে জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের কাবিলউদ্দিন শেখের। কমিশনের নিয়ম অনুযায়ী জামানত ঠেকাতে ৩০ হাজার ৪৭৮ ভোট পাওয়ার কথা থাকলেও কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন ২৮ হাজার ৩৪৮। কালিগঞ্জ উপনির্বাচনে মোট প্রদত্ত ভোট ১ লক্ষ ৮৫ হাজার ৩৬৫। এর মধ্যে আড়াই হাজার ভোট পেয়েছে NOTA। এমনকি পোস্টাল ব্যালটেও দুটি ভোট পড়েছে নোটা-য়।
উল্লেখযোগ্য এদিনের উপনির্বাচনের গণনায় প্রথম থেকে শেষ অর্থাৎ ২৩ টি রাউন্ডেই এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। প্রাথমিকভাবে দ্বিতীয় তৃতীয় স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি ও কংগ্রেস প্রার্থীর মধ্যে। পঞ্চম রাউন্ডে প্রথমবারের জন্য বিজেপি প্রার্থী আশিস ঘোষকে টপকে যান কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। দ্বিতীয় স্থানে উঠে আসেন বিজেপির প্রার্থী। আবার দশম রাউন্ডে কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীকে ডোপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন। তবে বাকি ১৩ টি রাউন্ডে লড়াইটা মূলত সীমাবদ্ধ থাকে তৃণমূল ও বিজেপির মধ্যেই। অবশেষে ২৩ রাউন্ড গণনা শেষে ৫০ হাজারের সামান্য কিছু ভোটে লিড নিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন আজ জয়ী প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
