ভারতীয় ক্রিকেটের আলো সবসময় মাঠের তারকাদের ঘিরে থাকে। সেই আলোর আড়ালেই নিঃশব্দে নিজের জায়গা করে নিয়েছেন রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী অরোরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র প্রোডিউসার এবং জাতীয় দলের সোশ্যাল মিডিয়া টিমের প্রধান তিনি। আজ পুরো টিম ইন্ডিয়ার সঙ্গে সিরিজে সিরিজে ঘোরেন রাজলক্ষ্মী, কাজ করেন কাছ থেকে, কিন্তু তার নাম অনেকের কাছেই অজানা।
পেশাদার জীবনের শুরুতে রাজলক্ষ্মী অরোরা ছিলেন একজন কনটেন্ট রাইটার। পরে ২০১৫ সালে তিনি বিসিসিআই-তে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যোগ দেন। ধীরে ধীরে নিজের দক্ষতা ও পরিশ্রমের জোরে আজ তিনি বোর্ডের গুরুত্বপূর্ণ একজন সদস্য। ভারতীয় ক্রিকেট দলের ডিজিটাল জগতের এক অন্যতম চালিকা শক্তি রাজলক্ষ্মী অরোরা। শুধুই টিম ইন্ডিয়ার নয়, আইপিএল এবং ডব্লিউপিএল-র মতো বড় টুর্নামেন্টেরও ডিজিটাল ও মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি। তাঁর ইন্সটাগ্রাম ফলোয়ার ৯২ হাজারেরও বেশি।
পুনের সিম্বায়োসিস ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন থেকে মিডিয়া স্টাডিজে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে তিনি ক্রিকেট দুনিয়ায় প্রবেশ করেন। বিগত ৯ বছর ধরে তিনি বিসিসিআই-র সঙ্গে যুক্ত। ভারতীয় ক্রিকেটের ডিজিটাল উপস্থিতিকে আরও বিস্তৃত করার পেছনে তাঁর বড় অবদান রয়েছে। ২০১৯ সালে বিসিসিআই-র চার সদস্যের অভ্যন্তরীণ কমিটির প্রধান করা হয় তাঁকে। যেখানে খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন হেনস্থা বা অসদাচরণের অভিযোগ তদন্তের দায়িত্ব তাঁর উপরেই বার্তায়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, রাজলক্ষ্মী বর্তমানে ভারতীয় জাতীয় দলের একমাত্র মহিলা সাপোর্ট স্টাফ যিনি সব সিরিজ ও টুর্নামেন্টে, এমনকি বিশ্বকাপেও দলের সঙ্গে সফর করেন। তাঁর কাজ শুধু সোশ্যাল মিডিয়া নয়, দল ও বহির্বিশ্বের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করাও তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।
