ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গভীর রাতে সমাজমাধ্যমে পোস্ট করে ট্রাম্প লেখেন, “ইরান ও ইজরায়েল দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।” ট্রাম্পের দাবি প্রথমে উড়িয়ে দিলেও পরে সুর বদল ইরানের। যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হয়েছে বলেই দাবি করা হচ্ছে ইরান ও ইজরায়েলের সংবাদমাধ্যমে।
১২ দিনে পড়ল ইরান ইজরায়েল সংঘাত। পশ্চিম এশিয়ায় এবার কি সত্যিই যুদ্ধ থামতে চলেছে? ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির স্পষ্ট হুঁশিয়ারি, ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও হামলা বন্ধ করবে। ট্রাম্পের যুদ্ধবিরতি দাবির পর এই প্রথম মুখ খুললেন ইরানের প্রশাসনের কোনও মন্ত্রী। যদিও মঙ্গলবারের সকালেও হামলা অব্যাহত রইল।
ইজরায়েলের দাবি, মঙ্গলবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এক ঘণ্টায় তিন বার ইজ়রায়েলে হামলা চালিয়েছে ইরান। যার জেরে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে দাবি। আহতও হয়েছেন অনেকে। তেহরানের দিক থেকে আরও হামলার আশঙ্কা করছে তেল আভিভ। এই পরিস্থিতিতে বাসিন্দাদের বাঙ্কারে ঢোকার পরামর্শ দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। মধ্য ও দক্ষিণ ইজরায়েলের শহরগুলিতে ঘন ঘন বাজছে এয়ার সাইরেন।
গভীর রাতের পোস্টে ট্রাম্প আরও লেখেন, “প্রথমে ইরান সংঘর্ষবিরতি শুরু করবে এবং তার ১২ ঘণ্টা পরে ইজ়রায়েল তা অনুসরণ করবে। ২৪ ঘণ্টা পর দু’দেশের মধ্যে ১২ দিনের টানা সংঘাত শেষ বলে ঘোষণা করা হবে।”
ইরানের দাবি, সংঘর্ষবিরতি ঘোষণার আগেই তারা হামলা চালিয়েছে। যদিও পরে সুর বদল করে তারা। ইরানের তরফে জানিয়ে দেওয়া হয় যুদ্ধবিরতি কার্যকর হয়ে গিয়েছে। যুদ্ধবিরতি যাতে কোনও পক্ষই লঙ্ঘন না করে, সেই আর্জি জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিটে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, “যুদ্ধবিরতি শুরু হয়ে গিয়েছে। দয়া করে তা যেন লঙ্ঘন না হয়।”
