ট্রেনে চড়তে গেলে গুনতে হবে বেশি টাকা! ১ জুলাই ২০২৫ থেকে নতুন ভাড়া হার চালু করতে চলেছে ভারতীয় রেল। রেলের এই সিদ্ধান্তে কিছুটা বাড়তি খরচের জন্য তৈরি থাকতে হবে রেলযাত্রীদের জন্য। বিশেষ করে যারা দূরপাল্লার সফর করেন বা এসি কোচে যাতায়াত করেন, এই ভাড়া বৃদ্ধি যথেষ্ট প্রভাব ফেলবে তাদের পকেটে।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ দ্বিতীয় শ্রেণিতে যদি কেউ ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করেন, তাহলে কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। তবে যদি এই দূরত্ব ছাড়িয়ে যায়, তাহলে প্রতি কিলোমিটারে আধ পয়সা বেশি দিতে হবে। একইভাবে, নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে যাতায়াতকারীদের প্রতি কিলোমিটারে ১ পয়সা বেশি ভাড়া গুণতে হবে। এসি কোচে ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে, প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি পেয়েছে।
তবে যেসব যাত্রীরা প্রতিদিন লোকাল বা শহরতলির ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল রেল। কারণ সাব-আরবান ট্রেনের ভাড়ায় কোনও রকম পরিবর্তন আনা হয়নি। মাসিক সিজন টিকিটেও কোনও বাড়তি খরচ থাকছে না। তাই নিয়মিত অফিস যাত্রীদের উপর এর কোনও প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে রেল সূত্রে।
এর পাশাপাশি, রেলওয়ে টিকিট বুকিং সিস্টেমেও বড় পরিবর্তন আসছে। এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে জানানো হতো যে টিকিট কনফার্ম হয়েছে কি না। এবার নতুন এক সিস্টেম চালু করতে চলেছে রেলওয়ে। এর ফলে যাত্রার ২৪ ঘণ্টা আগে কনফার্ম টিকিটের চার্ট প্রকাশ করা হবে। এই নতুন ব্যবস্থার ট্রায়াল ইতিমধ্যে শুরু হয়েছে রাজস্থানের বিকানের রেল ডিভিশনে। আপাতত একটি ট্রেনে এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং কোনও অসুবিধার খবর মেলেনি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ পর্যবেক্ষণের পর ধাপে ধাপে এই নিয়ম দেশজুড়ে চালু করা হবে।
