সৌরভ গাঙ্গুলির বায়োপিকে ‘দাদা’র চরিত্রে অভিনয় করতে চলেছেন বলি অভিনেতা রাজকুমার রাও। খবর পুরনো হলেও এবার তা নিজের মুখে স্বীকার করলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। রাজকুমার বলেন, “এখন যেহেতু দাদাই নিজে এটা বলেই ফেলেছেন, আমিও জানিয়ে দিই হ্যাঁ, বায়োপিকে আমি ওনার চরিত্রেই অভিনয় করছি।”
এই চরিত্রে অভিনয় করা নিয়ে বেশ রোমাঞ্চিত রাজকুমার। তিনি জানিয়েছেন, তিনি যথেষ্ট নার্ভাসও। তাঁর কথায়, “আমি নার্ভাস… এটা একটা বিশাল দায়িত্ব, তবে একইসঙ্গে এটা বেশ মজারও হতে চলেছে।” সাক্ষাৎকারে রাজকুমার তাঁর বাংলা বলার দক্ষতাও দেখিয়েছেন। কারণ তাঁর স্ত্রী অভিনেত্রী পত্রলেখাও একজন বাঙালি। তাঁর কাছেই বাংলা শিখেছেন বলে জানান অভিনেতা। রাজকুমার রাও আশ্বাস দিয়েছেন, বড় পর্দায় বাংলা উচ্চারণ একদম ঠিকঠাকভাবে তুলে ধরবেন তিনি।
এই বায়োপিকের ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলিও আগেই সম্মতি জানিয়েছেন রাজকুমার রাও-এর অভিনয় নিয়ে। তাঁর কথায়, “আমি মনে করি, ঠিক মানুষটিকেই বেছে নেওয়া হয়েছে। আমি ওকে সবরকম সাহায্য করব।” সৌরভ আরও জানিয়েছিলেন, “রাজকুমার রাও-কে এই ছবির জন্য ফাইনাল করা হয়েছে। আমি মনে করি, ও ছাড়া কেউ এটা ভালভাবে করতে পারত না।” এই বায়োপিকটি তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলির জীবন, তাঁর কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পৌঁছানোর অভূতপূর্ব সফরকে কেন্দ্র করে।
সৌরভের বায়োপিকের পরিচালনায় থাকবেন বিক্রমাদিত্য মোতওয়ানে এবং প্রযোজনা করছেন লাভ ফিল্মস। এই ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে। ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। তবে এই প্রথমবার যে বায়োপিকে অভিনয় করছেন রাজকুমার তা কিন্তু নয়। এর আগে তিনি ‘শাহিদ’, ‘ওমের্তা’ এবং সদ্য মুক্তি প্রাপ্ত ‘শ্রীকান্ত’-এ বাস্তব জীবনের চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন।
