৫১তম জন্মদিন উদযাপনে মেতেছেন বলি অভিনেত্রী করিশ্মা কাপুর। বয়স যতই বাড়ুক, সৌন্দর্যের দিক দিয়ে যেন তিনি যেন সময়কে হার মানাচ্ছেন। ‘দিল তো পাগল হ্যায়’, ‘জুবেইদা’-র মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই বলি অভিনেত্রী। তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও খুবই হাসিখুশি সহজ-সরল স্বভাবের মানুষ করিশ্মা কাপুর! তাইতো ভক্তদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি।
করিশ্মা কাপুরের জন্মদিন বলে কথা। আর এই বিশেষ দিনে ফিরে দেখা যাক একটি মজার ঘটনার দিকে। করিশ্মা একবার জানিয়েছিলেন, কীভাবে তাঁর ডাকনাম ‘লোলো’ রাখা হয়েছিল এবং তাঁর বোন করিনার ‘বেবো’ নাম এল কোথা থেকে? এবছরের শুরুতে ইন্ডিয়ান আইডল ১৫-এর এক বিশেষ এপিসোডে উপস্থিত ছিলেন করিশ্মা। সেই পর্বটি উৎসর্গ করা হয়েছিল তাঁর দাদু তথা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে। এক পর্যায়ে তাঁকে প্রশ্ন করা হয় তাঁর এই ‘লোলো’ নামটা কোথা থেকে এল? হাসতে হাসতে করিশ্মা বলেন, “এক বিদেশি অভিনেত্রী আছেন, জিনা লোলব্রিজিডা। ওখান থেকে ‘লোলো’ এসেছে। আর আমার মা সিন্ধি, আমাদের ওখানে একটা মিষ্টি রুটি হয়, যার নাম ‘লোলি’। তাই মা মাঝে মাঝে আমাকে ‘লোলো’ বলতেন। আর সেখান থেকেই বাবাও এই নামটাই রেখে দেন।” এরপর বোন করিনা কাপুর খান সম্পর্কে বলেন, “যখন বেবো এল, তখন সবাই ভাবল ওরও একটা মজার, মিষ্টি ডাকনাম হওয়া দরকার। কারণ আমাদের পরিবারে তো সব্বারই ডাকনাম ছিল ডাব্বু, চিন্টু, চিম্পু, লোলো, তাহলে ওরটা হবে না? তাই বাবা ওর নাম রাখলেন বেবো।”
এখানেই থামেননি করিশ্মা লোলো! তিনি আরও বলেন, “আজ পর্যন্ত কেউ জানে না, আমার দাদু রাজ কাপুরকেও একটা আদরের নামে ডাকা হত। তাঁকে সবাই ‘রাজে’ বলত, কারণ সবাই বলত উনি দেখতে রাজকুমারের মতো গোরাচাঁদ রং, নীল চোখ।” ডাকনাম শুধু নাম নিয়ে, স্নেহে ভরা স্মৃতিও বটে, সে সাধারণ মানুষের জন্যই হোক আর সেলিব্রিটি।
Leave a comment
Leave a comment
