টেনিস দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগিতা উইম্বলডনের বিশেষত্বই হল ঘাসের কোর্টে সাদা পোশাক। অল ইংল্যান্ডে অন্য কোনও রংয়ের পোশাক পরেই নামতে পারেন না খেলোয়াড়রা। শুধু পোশাক কেন, সাদা বাদে অন্য কোনও রংয়ের কোনও কিছুই ব্যবহার করতে পারেন না তাঁরা। দীর্ঘ ১৪৮ বছর ধরে সেই নিয়মই চালু। তবে এই বছর সেই নিয়মে কিছুটা বদল আনতে চলেছে উইম্বলডন কর্তৃপক্ষ। নেপথ্যে পর্তুগিজ তারকা ফুটবলার দিয়োগো জোটার অকাল প্রয়াণ।
বুধবার মধ্যরাতে গাড়ি দুর্ঘটনার প্রাণ হারিয়েছেন পর্তুগালের ২৮ বছর বয়সী তারকা ফুটবলার দিয়োগো জোটা। সম্প্রতিই যিনি নেশনশ লিগ জিতেছিলেন রোনাল্ডোদের সঙ্গে। আবার তিনি ছিলেন লিভারপুলেরও অন্যতম তারকা। জানা গিয়েছে, সেই জোটাকে শ্রদ্ধা জানাতেই ১৪৮ বছরের পুরনো পোশাক বিধিতে সামান্য পরিবর্তন আনতে চলেছে উইম্বলডন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, চাইলে অংশগ্রহণকারীরা সাদা পোশাকের সঙ্গে কালো আর্ম ব্যান্ডও পরতে পারেন।
গত ৩০ জুন থেকে বিলেতের বুকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। চলবে আগামী ১৩ জুলাই অবধি। এদিকে দিয়োগো জোটার মৃত্যুতে শুধু যে ফুটবল দুনিয়াতেই শোকের ছায়া নেমে এসেছে তা নয়, গোটা ক্রীড়া মহলই শোকস্তব্ধ। এহেন পটভূমিতে উইম্বলডন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়া কোনও খেলোয়াড় চাইলে জোটার স্মৃতিতে কালো আর্ম ব্যান্ড পরতেই পারেন। তাতে পোশাক বিধি ভাঙা হবে না।
