বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির রাশ উঠেছে শমীক ভট্টাচার্যের কাঁধে। দায়িত্ব নিয়েই ২৬ এর নির্বাচনে তৃণমূলকে বিসর্জনের ডাক দিয়েছেন নয়া রাজ্য সভাপতি। শুধু তাই নয়, একযোগে বাম কংগ্রেসকেও বার্তা দিয়েছেন। বিজেপির মঞ্চ থেকে শমীক ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোই মুল লক্ষ্য। আর তাই ‘নো ভোট টু বিজেপি’ স্লোগানের নামে শাসকদল তৃণমূলের পাশে না দাঁড়ানোর বার্তাও দেন বিজেপি নেতা। পাশাপাশি হিন্দু মুসলিমদের নিয়ে একসঙ্গে হাঁটার কথাও বলেন নয়া বিজেপি রাজ্য সভাপতি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুত্বের জিগির তুলে ময়দানে নেমেছেন। বিভিন্ন গোষ্ঠীসংঘর্ষের ঘটনা তুলে হিন্দুত্বের এক হওয়ার কথা বলছেন। অন্যদিকে শমীক ভট্টাচার্য সবাইকে নিয়ে একসঙ্গে হাঁটার কথা বলছেন। এমনকী বাম-কংগ্রেসের নেতাকর্মীকে পতাকা সরিয়ে মমতাকে সরানোর ব্রত নিয়ে পথে নামার ডাকও দিচ্ছেন বিজেপি নেতা। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস ভোটই টার্গেট বঙ্গ বিজেপির?
যদিও গত নির্বাচনের হিসাব কষে বঙ্গ বিজেপি নেতারা বারবার দাবি করেছেন, ভোট কাটাকাটির খেলাতেই তৃণমূল বেরিয়ে গিয়েছে। এমনকী অনেক ক্ষেত্রে এই বিষয়ে সরাসরি ‘আলিমুদ্দিনের ম্যানেজার’দের আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও এই প্রসঙ্গে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের দাবি, শমীকবাবুর বক্তব্যে বিজেপি কর্মীদের চিন্তা বেড়ে যাবে। মহরম এবং পুজোর মিছিল একসঙ্গে হবে, বিজেপি নেতার এহেন মন্তব্যে বামনেতার কটাক্ষ, উনি বলছেন বাংলায় মহরমের তাজিয়া, আর পুজোর মিছিল একসঙ্গে বের হবে। এটা তো জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় হত? তাহলে শমীক ভট্টাচার্যররা ঘুরপথে বামফ্রন্ট সরকারকে ফেরানোর আবেদন করছেন? প্রশ্ন সৃজনের।
এই রেশ করে তাঁর দাবি, বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকারকে ফেরানোর কথা বলছেন। আর এটাই আমাদের ভালো লেগেছে। এখানেই শেষ নয়, বিজেপির উদ্দেশ্যে সৃজনের পালটা আবেদন, ‘শমীকবাবু সহ বিজেপির সমস্ত নেতা কর্মীদের বলছি দলের পতাকা সরিয়ে রাখুন। ২০২৬ শে তৃণমূলকে হারাতে যেভাবে সাহায্য করতে হয় তা করুন’।
আর এখানেই প্রশ্ন উঠছে, আদৌও বিজেপি কর্মীরা বামেদের দিকে যাবে? যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত পালটা বিজেপির তরফে এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। যদিও গত কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন এবং সুশাসনের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। তাই শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি আসনে বসিয়ে বিজেপি নির্বাচনী ফললাভ করবে বলে মনে করলে তা ভুল বলে মন্তব্য রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর।
