ফুলকো লুচি সঙ্গে ছোলার ডাল কিংবা আলুর দম। শুনেই জিভে জল। বাঙালির শ্রেষ্ঠ প্রাতঃরাশ। কিন্তু বর্তমানে যেভাবে কোলেস্টরেল, থাইরয়েডে খাদ্যরসিক বাঙালি ভুগছেন তাতে ইচ্ছে করলেও উপায় নেই। আরে বাবা তেল ছাড়া তো লুচি হয় না।
কে বলেছে হয়না। আলবাত হয়। আজ আপনাকে এমন একটা উপায় বলবো যাতে লুচির স্বাদও মিটবে আবার একফোঁটা তেলও পেটে যাবে না। ডুবো তেল কেন, একফোঁটাও তেল লাগবে না এই লুচি ভাজতে। অথচ স্বাদ হবে সেই আগের মতো। তার জন্য যা করতে হবে —
উপকরণ : আটা বা ময়দা, ১/৪ ছোট চামচ লবন, দেড় চামচ দই, মশলা, হাফ ছোট চামচ লাল লঙ্কা পাউডার, সামান্য জিরা, হলুদ, দুই চিমটে কাসুরি মেথি এবং একটু হিং। সঙ্গে প্রয়োজন অনুসারে জল।
পদ্ধতি: আটা বা ময়দার সঙ্গে উপরের সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিন। আটা মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মাখা আটার ছোট ছোট লেচি করে বেলে ফেলুন। দেখবেন যেন বেশি পাতলা না বেলা হয়। এবার একটা প্যানে জল গরম হওয়ার জন্য ওভেনে বসিয়ে দিন। অপেক্ষা করুন যতক্ষণ না জল ফুটতে শুরু করে। সেই জলে বেলে নেওয়া লুচি ঠিক যেমন ফুটন্ত তেলে ছাড়েন ছেড়ে দিয়ে কিছুক্ষন ফুটতে দিন। ওভেনের আঁচ যেন মিডিয়াম রেঞ্জে থাকে। ২-৩ মিনিট এভাবে ফোটার পর লুচি প্লেটে নামিয়ে ফেলুন। এরপর লুচিগুলিকে শুকনো কাপড় রেখে যথাসম্ভব শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন। এবার লুচিগুলোকে এয়ার ফ্র্যায়েরে দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। লুচি রাখার আগে ৫-৬ মিনিট তাকে গরম করে নিন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে মনে রাখবেন এয়ার ফ্র্যায়েরে লুচি দেওয়ার সময় সেগুলো যেন একে ওপরের সঙ্গে ওভারল্যাপ না হয়ে যায়। রান্না হওয়ার পর এয়ার ফ্র্যায়ার থেকে লুচি বের করানোর পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন তা দেখে। একদম তেলে ভাজা ফুলকো লুচি। এরপর পছন্দমত সবজি বা ডালের সঙ্গে পরিবেশন করুন। সেই লুচি খেয়ে আপনার প্রশংসা যদি না হয় তাহলে বলবেন।
