প্রথম ফিচার ফিল্ম প্রযোজনার জন্য তৈরি অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। ছবির নাম ‘মুঝে জান না কহো মেরি জান’। প্রথম কাজেই হাত মেলালেন জনপ্রিয় অভিনেত্রী তিলোত্তমা সোমের সঙ্গে। আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘ভ্যারাইটি’র প্রতিবেদন অনুযায়ী, এই ছবির গল্প সমকামী প্রেম নিয়ে এবং তিলোত্তমার সঙ্গে অভিনয় করবেন শ্বেতা নিজেই।
সূত্রের খবর, ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তিলোত্তমা সোমকে। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সঞ্জয় নাগ। চলতি বছরের শেষের দিকেই শ্যুটিং শুরু হওয়ার কথা। ‘ভ্যারাইটি’কে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা বলেছেন, ‘এই ফিল্ম আমার হৃদয়ের খুব কাছের – তার কারণ শুধুমাত্র এটা প্রযোজক হিসেবে আমার প্রথম কাজ তাই নয়, বরং এই ছবি যে বার্তা বহন করে তার জন্য। সমকামী প্রেমকাহিনি সততা, সৌন্দর্য্য ও সূক্ষতার সঙ্গে বলার প্রয়োজন রয়েছে। তিলোত্তমাকে সঙ্গে পাওয়ার ফলে এই কাজ আরও স্পেশাল হয়ে উঠবে। ও কেবলমাত্র দুর্ধর্ষ অভিনেত্রীই নয়, ওঁকে আমি প্রবলভাবে পছন্দ করি ও বিশ্বাস করি। অনেকদিন ধরেই আমরা একসঙ্গে কাজ করার কথা ভাবছিলাম, এবং সেই সফর শুরু করার জন্য এর থেকে ভালো প্রজেক্ট আর হতে পারে বলে আমার মনে হয় না।’
একাধিক অন্য ধরনের ছবি বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে অভিনয়ের জন্য বিশেষ প্রশংসিত ‘পাতাল লোক’ অভিনেত্রী তিলোত্তমা সোম। ‘মনসুন ওয়েডিং’, ‘স্যর’, ‘শ্যাডোবক্স’, ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’-এর মতো ছবিতে অনবদ্য অভিনয় করেছেন তিলোত্তমা। ‘দিল্লি ক্রাইম’, ‘দ্য নাইট ম্যানেজার’ বা ‘পাতাল লোক’-এর মতো সিরিজেও নজর কেড়েছেন তিনি। শ্বেতার প্রযোজনায় আসন্ন সিনেমার পরিচালনা করবেন ‘মেমরিজ় ইন মার্চ’ খ্যাত সঞ্জয় নাগ। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি, ছবিটি প্রদর্শিত হয় বুসানে। এছাড়াও তিনি ‘ইওর্স ট্রুলি’ ও ‘মর্নিং সানশাইন’-এর মতো ছবি তৈরি করেছেন
