আবার শোকের ছায়া দেশের ক্রীড়া মহলে। প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ম্যারাথন রানার ফৌজা সিং। বয়স হয়েছিল ১১৪। তবে বার্ধক্যজনিত কারণে মৃত্যু ঘটেনি তাঁর। বরং এই বরেণ্য ব্যক্তিত্বের জীবন কাড়ল একটি দুর্ঘটনা। নিজের বাড়ির বাইরেই একটি গাড়ি ধাক্কা মারে ফৌজা সিংকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।
ছোটবেলায় ভাল করে হাঁটতে পারতেন না ফৌজা সিং। এরপর হাঁটা একবার শিখতেই শুরু হয় দৌড়। ম্যারাথনে তাঁর রয়েছে একাধিক রেকর্ড। লন্ডনে গত ২০০৩ সালে ৯০ বছরের ঊর্ধ্ব ক্যাটাগরিতে তিনি ম্যারাথন পূর্ণ করেছিলেন ৬ ঘন্টা ২ মিনিটে। এরপর ফের সেই বছরেই টরেন্টোতে ম্যারাথন শেষ করেন ৫ ঘন্টা ৪০ মিনিটে। এ সময় ফৌজা সিংয়ের বয়স ছিল ৯২।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এমনকি সাম্প্রতিক সময়ে ১১৪ বছর বয়সেও অবিশ্বাস্য রকমের ফিট ছিলেন ফৌজা সিং। এই বয়সেও তিনি শামিল হয়েছিলেন নেশামুক্তির অভিযানে। কিন্তু দুর্ঘটনা আচমকাই কেড়ে নিল তাঁকে। জানা গিয়েছে, জলন্ধরে নিজের বাড়ির ঠিক বাইরেই একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে। এরপর দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে। কিন্তু শেষ অবধি বাঁচানো সম্ভব হয়নি। এ দিকে ফৌজা সিংয়ের প্রয়াণে শোক প্রকাশ করে সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফৌজা সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “ফৌজা সিংয়ের ফিটনেস তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাত। ফিটনেস নিয়ে কথা বলতে গেলে ফৌজা সিংয়ের নাম অবশ্যই করতে হবে।” নরেন্দ্র মোদি ছাড়াও শোক বার্তা দিয়েছেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। তিনিই উল্লেখ করেন যে ১১৪ বছর বয়সেও ফৌজা সিং নেশামুক্তির অভিযানে যোগ দিয়েছিলেন।
