খবর মিলেছিল মঙ্গলবার রাতেই। বুধবার, ১৬ জুলাই সকালে সেই খবরে সিলমোহর দিলেন ‘নিউ পেরেন্টস’ সিড-কিয়ারা। কোলে এসেছে কন্যা সন্তান। জীবনের নয়া অধ্যায় শুরু করলেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। বুধবার সকালে মিষ্টি একটি পোস্টে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা।
গোলাপী ছবিতে বেলুন আর তারার মেলা। সেখানেই লেখা, ‘আমাদের হৃদয় পরিপূর্ণ এবং আমাদের পৃথিবী চিরকালের মতো বদলে গেল। আমাদের কোলে এসেছে একরত্তি কন্যা।’ তারকা দম্পতির যৌথ পোস্টে মাত্র আধ ঘণ্টায় ৫৪ লক্ষ লাইক পড়েছে ইনস্টাগ্রামে। সুখবর দিতেই একের পর এক শুভেচ্ছাবার্তা। সুনীল গ্রোভার, ভারতী সিং, শাহিন ভট্ট, আথিয়া শেট্টি, মণীশ মলহোত্র থেকে শুরু করে সাধারণ মানুষ, অনুরাগী, সকলেই ভালোবাসায় ভরিয়েছেন।
মঙ্গলবার রাতেই খবর মেলে কিয়ারা জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তানের। একইসঙ্গে জানা যায় মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। হিন্দুস্তান টাইমস সূত্রে খবর, ‘মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রেগন্যান্সির খবর ভাগ করেন ‘শেরশাহ’ দম্পতি। হাতে খুদে এক জোড়া মোজা নিয়ে ছবি পোস্ট করে সেই খবর দিয়েছিলেন তাঁরা। ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার শীঘ্রই আসছে।’ যদিও কবে সন্তান আসতে পারে তেমন কোনও মাসের উল্লেখ তাঁরা করেননি। এই বছরই অন্তঃসত্ত্বা অবস্থায় কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্ল্যামারাস ডেবিউ করেন কিয়ারা। সেই সময় তাঁর সঙ্গে ছায়ার মতো ছিলেন সিদ্ধার্থ।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
২০২০ সাল থেকে সম্পর্কে থাকার পর ২০২৩ সালে রাজস্থানের জয়সলমীরে গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ ও কিয়ারা। ২০২১ সালে তাঁদের একসঙ্গে অভিনীত এখনও পর্যন্ত একমাত্র ছবি ‘শেরশাহ’ মুক্তি পায়। কিয়ারাকে এরপর অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে জুনিয়র এনটিআর ও হৃত্বিক রোশনের সঙ্গে। ১৪ অগাস্ট মুক্তি পাবে ছবি। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রা জুটি বাঁধছেন জাহ্নবী কাপুরের সঙ্গে। ছবির নাম ‘পরম সুন্দরী’ যা ১০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা।
