এশিয়া কাপ কি তা হলে সত্যিই ভেস্তে যাওয়ার পথে? এশিয়া কাপের বৈঠকের জন্য বিসিসিআই যে ঢাকায় যাবে না তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ বার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টেও সিলমোহর দেওয়া হল বিষয়টিতে। এই রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়া কাপের বৈঠক বয়কট করছেন ভারতীয় বোর্ডের প্রতিনিধিরা। ফলে সব মিলিয়ে চূড়ান্তভাবে অনিশ্চিত সেপ্টেম্বরে আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের ভবিষ্যৎ।
উক্ত সংবাদ মাধ্যমের রিপোর্টে আরও জানানো হয়েছে, শুধু ভারত নয়। একই সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমানের মত দেশগুলিও ঢাকায় যেতে আপত্তি জানিয়েছে। কিন্তু পিসিবি তথা এসিসির চেয়ারম্যান মহসীন নকভি এখনও নিজের সিদ্ধান্তে অটল। বিসিসিআই বারবার বৈঠকের স্থান বদলের প্রস্তাব দিলেও কোনও প্রত্যুত্তর তিনি দেননি বলে জানাচ্ছে রিপোর্টটি। তাই আসন্ন এশিয়া কাপ কার্যত ভেস্তে যাওয়ার পথে। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সংবিধান অনুসারে, যদি বাকি দেশগুলি অংশ না নেয় তা হলে ঢাকার বৈঠকে যাই সিদ্ধান্ত হোক, তার কোনও গুরুত্বই থাকবে না।
জাজবাত বাংলায় আরও পড়ুন
আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বছরের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওরফে এসিসি। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলা এই প্রতিযোগিতার সূচি নিশ্চিত করতেই বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ২৪ জুলাই একটি বৈঠক আয়োজনের ঘোষণা করেছিল এশিয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু গত এক বছরে আমূল বদলে গিয়েছে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। এই পরিস্থিতিতে নিরাপত্তার দিকটি মাথায় রেখেই ঢাকায় যেতে আপত্তি তুলেছে ভারতীয় বোর্ড।
আরও পড়ুন
একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরও বাতিল করেছে বোর্ড। আগামী অগাস্টে হওয়ার কথা ছিল এই সফর। তবে বলাই বাহুল্য, এশিয়া কাপের বৈঠক বয়কট করার বিষয়টি অনেক বেশি তাৎপর্যবাহী। এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়নি। ভারত-পাকিস্তান দ্বৈরথ কোথায় হবে তা নিশ্চিত করতেই বাংলাদেশের রাজধানীতে ডাকা হয়েছিল একটি বৈঠক। কিন্তু ভারতসহ অন্যান্য দেশ ঢাকায় যেতে আপত্তি তোলায় প্রতিযোগিতাটিই অনিশ্চিত হয়ে গেল এ বার।
