ফের খবরের শিরোনামে টিম ইন্ডিয়ার ষ্টার ক্রিকেটার শামির স্ত্রী হাসিন জাহান। পারিবারিক বিবাদ নয়, প্রতিবেশীকে মারধর, হত্যার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী এবং তাঁর কন্যা আর্শীর বিরুদ্ধে। ইতিমধ্যে মারপিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে হাসিনকে মারধর করতে দেখা যাচ্ছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করে দেখেনি জজবাত বাংলা। খবর অনুসারে, হাসিন জাহান এবং তাঁর মেয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। চাঞ্চল্যকর ঘটনাটি বীরভূমের সিউড়ির।
খবর অনুসারে, হাসিন এবং তার কন্যা প্রতিবেশী এক মহিলা যার নাম দলিয়া বলে জানা যাচ্ছে, তাঁর সঙ্গে জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। এমনকী ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। দলিয়ার অভিযোগ, শামির স্ত্রী বেআইনিভাবে বাড়ির পাশের একটি জমি দখল করার চেষ্টা করছিলেন। তার বিরোধিতা করলে হাসিন এবং তার কন্যা প্রতিবেশীদের ওপর চড়াও হন। প্রাণে মারার চেষ্টাও করেন । হাসিনের বিরুদ্ধে প্রতিবেশীদের দায়ের করা সেই এফআইআরের একটি কপিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনায় প্রতিবেশী মহিলা গুরুতর আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
যদিও হাসিনের অভিযোগ, তাঁর প্রতিবেশী ওই মহিলা তাঁদেরই একটি জমি হাতানোর চেষ্টা করছেন বহু দিন ধরে। এই জমি মেয়ে আর্শীর নামে রয়েছে। সেই বিষয়ে নিষেধ করতে গেলে মহিলা তাঁদেরই ওপর চড়াও হন বলে দাবি।
অন্যদিকে, মামলার তদন্তকারী পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বীরভূমের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডে হাসিন জাহাঁ একটি জমির ওপর নির্মাণ কাজ শুরু করেছেন। প্রতিবেশীদের দাবি অবৈধভাবে সেই জমিতে নির্মাণকাজ করছেন হাসিন। সেই নির্মাণে বাধা দেওয়াতেই ঝামেলার সূত্রপাত।
