জেপি দত্তের ‘বর্ডার’ ছবির সিক্যুয়েল তৈরির কাজ চলছে এখন। তাতে ফিরছেন সানি দেওল। তবে দেখা যাবে না সুনীল শেট্টিকে। বরং তার বদলে থাকবেন সুনীল-পুত্র অহন শেট্টি। সম্প্রতি ‘টাইমস নাও’কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল এক বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, ‘বর্ডার ২’তে কাজ করবেন বলে অহনকে অন্য একাধিক প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই সকল নির্মাতাদের সুনীল রীতিমতো সাবধান করেছেন। ঠিক কী বলেন তিনি?
সুনীল শেট্টি জানিয়েছেন, তিনি ছেলেকে ‘বর্ডার ২’ ছবিতে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন, তাতে যদি জীবনে আর কোনও ছবি না করা যায়, তাও ভালো। “কারণ এই ছবিটা এমন একটা ছবি, যা তোমাকে বাঁচিয়ে রাখবে, তোমার বাবাকেও বাঁচিয়ে রাখবে আগামী কয়েক দশক ধরে। ২৬ জানুয়ারি ও ১৫ আগস্টে সবসময় এই ছবি দেখা যাবে। অহন এই ছবির জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছে। শুধুমাত্র ইগোর কারণে তার হাত থেকে বহু সুযোগ চলে গেছে। কিছু ছবি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে দোষও চাপানো হয়েছে তার উপর। এমন গুজব ছড়ানো হয়েছে যে সে দামী দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ায়, এমনকী টাকা দিয়ে আর্টিকলও ছাপানো হয়েছে ওর সম্পর্কে।” সুনীল আরও জানান, এই ধরনের পরিস্থিতি সত্ত্বেও অহন নিজের অবস্থানে অটল থেকেছে এবং ‘বর্ডার ২’-এর প্রতি পূর্ণ নিষ্ঠা দেখিয়েছে। তাঁর বিশ্বাস, এই ছবি শুধু একজন অভিনেতা হিসেবে অহনকে নয়, তাঁদের পুরো পরিবারকেও ইতিহাসের পাতায় অমর করে রাখবে।
‘বর্ডার ২’ ছবির প্রেক্ষিতে ছেলের নামে ছড়ানো নেতিবাচক প্রচারের বিরুদ্ধে মুখ খুললেন সুনীল শেট্টি। তিনি জানান, শুধুমাত্র অহন ‘বর্ডার ২’ করতে চেয়েছিল বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যে গল্প তৈরি করা হয়েছে। সুনীলের দাবি, “আমি আগে কখনও এসব নিয়ে মুখ খুলিনি — এই প্রথমবার বলছি। বহু গল্প বানানো হয়েছে, কারণ অহন এই ছবিটা করতে চেয়েছিল এবং বাকিরা নিজেদের ছবি তৈরি করতে চাইছিল। সবকিছুই সাজানো। যদি বিষয়টা আরও বাড়ে, আমি প্রেস কনফারেন্স করে সব ফাঁস করে দেব। যাঁদের মুখোশ খুলতে হবে, আমি খুলে দেব।” সুনীলের এই মন্তব্যে স্পষ্ট, যদি প্রয়োজনে পড়ে, তিনি বলিউডের একাংশের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতেও পিছপা হবেন না।
২০১৯ সালে অক্ষয় কুমারের ‘কেসরী’ ছবির পরিচালক অনুরাগ সিং এবার ‘বর্ডার ২’ তৈরির দায়িত্বে। ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল এটি। ‘বর্ডার ২’ বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসঞ্জকেও দেখা যাবে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। আগামী বছরের ২৩ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা।
