বিশ্বকাপ ফাইনাল হলেও ম্যাচটি কার্যত ছিল অল ইন্ডিয়া ফাইনাল। সেই ম্যাচে কোনেরু হাম্পিকে টাইব্রেকারে হারিয়ে নয়া ইতিহাস লিখলেন দিব্যা দেশমুখ। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে বিশ্বকাপ জিতলেন তিনি। সেই সুবাদে সরাসরি গ্র্যান্ডমাস্টার খেতাবও অর্জন করলেন ১৯ বছর বয়সী দিব্যা।
সোমবার মহিলাদের দাবা বিশ্বকাপ ফাইনালের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয়েছিলেন দুই ভারতীয়। ফলে ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যায় দাবার দেশের শিরোপা জয়। দুজনের মধ্যে যেই জিততেন বিশ্বকাপ আসত ভারতেই। ফাইনালে লড়াই হয়েছে একেবারে হাড্ডাহাড্ডি। প্রথম দুটি গেম ড্র হয়। এরপর এ দিন প্রথম র্যাপিড গেমটিও শেষ হয় অমীমাংসিতভাবে।
দ্বিতীয় গেমে বাজিমাত করলেন দিব্যা। তিনি খেলেছিলেন কালো ঘুঁটি নিয়ে। তারপরেও হারিয়ে দিলেন হাম্পিকে। বর্তমানে যিনি দেশের এক নম্বর মহিলা দাবাড়ু। দুই গেম মিলিয়ে সার্বিকভাবে ম্যাচের ফল ১.৫-০.৫। এ দিকে এই শিরোপার সুবাদে ভারতের ৮৮ তম গ্র্যান্ডমাস্টার হয়ে গিয়েছেন দিব্যা। এই তালিকায় রয়েছে বিশ্বনাথন আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া, ডি গুকেশ, প্রজ্ঞানন্দের মত নাম।
