জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। দিনটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে উদযাপিত হয়। প্রতিবছর ভক্তরা এই দিনটিকে উৎসাহ ও ভক্তিভরে পালন করেন। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। সাধারণত এই দিনটি ইংরেজি মাসের আগস্ট বা সেপ্টেম্বর মাসে পড়ে।
তবে চলতি বছরে কবে পড়েছে জন্মাষ্টমী? ক্যালেন্ডার এবং পঞ্জিকা অনুসারে, ২০২৫ সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে শনিবার, ১৬ আগস্ট। এই দিনটি শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মবার্ষিকী হিসেবে পালন করা হবে। একই দিন পালিত হবে ‘দহি হান্ডি’ উৎসবও। যুবকদের দল মানব পিরামিড তৈরি করে উঁচুতে বাঁধা দইয়ের হাঁড়ি ভেঙে শ্রীকৃষ্ণের বাল্যলীলার স্মরণ করে।
পুরাণ অনুযায়ী, শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন মধ্যরাতে। তিনি জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের মথুরায়। তাঁর মামা কংস ছিলেন এক অত্যাচারী রাজা। তিনি কৃষ্ণের প্রাণনাশ করতে চেয়েছিলেন। সেই কারণে তাঁর পিতা বসুদেব, বন্দি থাকা অবস্থায় রাতে ঝড়ের মধ্যে একটি ঝুড়িতে করে সদ্যোজাত কৃষ্ণকে যমুনা নদী পেরিয়ে গোকুলে নিয়ে যান। সেখানে শ্রীকৃষ্ণ পালিত হন নন্দ ও যশোদার কাছে।
জন্মাষ্টমীর এই শুভ দিনে কৃষ্ণের ভক্তরা উপবাস করেন, ভগবানের স্তবগান করেন, ভজন-কীর্তনে মেতে ওঠেন এবং সারা রাত ধরে শ্রীকৃষ্ণের লীলার স্মরণে বিভিন্ন আচার পালন করেন। শ্রীকৃষ্ণের মন্দিরে বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কৃষ্ণের জন্ম ও শৈশব জীবনের ঘটনা উপস্থাপন করা হয়।
শ্রীকৃষ্ণকে মনে করা হয় প্রেম, ন্যায় এবং ধর্মের প্রতীক হিসেবে। তাঁর জন্মোৎসব জন্মাষ্টমী শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তির এক গভীর অনুভূতির প্রতিফলন।
