প্রিয় ক্রিকেটের কাছে একটি সুযোগ চেয়েছিলেন করুণ নায়ার। লাগাতার ব্যর্থতার পর অবশেষে সেই সুযোগের সদ্ব্যবহার করতে দেখা গেল টেস্টে ভারতের হয়ে ত্রিশতরানকারী দ্বিতীয় ক্রিকেটারকে। ওভালে গিল-জয়সওয়ালদের ব্যর্থতার মাঝে কার্যত একা কুম্ভ হয়ে গড় রক্ষা করলেন করুণ। প্রথম দিন এই ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই হতবাক ক্রিকেট রসিকের দল। খারাপ পারফরম্যান্সের জেরে যে নায়ার বাদ পড়েছিলেন ম্যানচেস্টার টেস্ট থেকে সেই তিনিই দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন ওভালে। এও কি সম্ভব?
“Dear Cricket, give me one more chance.” ২০২২ সালের ডিসেম্বরে সামাজিক মাধ্যমে ঠিক এই শব্দগুলিই লিখেছিলেন করুণ নায়ার। বাংলা করলে দাঁড়ায়, “প্রিয় ক্রিকেট, আমাকে অন্তত আর একটা সুযোগ দাও।” ক্রিকেট দেবতা শেষ পর্যন্ত সেই আবেদনে মুখ ফিরিয়ে থাকতে না পারলেও নায়ার নিজে ব্যর্থ ছিলেন পড়ে পাওয়া চোদ্দ আনার মত সুযোগটি কাজে লাগাতে। পঞ্চম টেস্টের আগে পর্যন্ত চলতি সিরিজে তাঁর অবদান যথাক্রমে ০, ২০, ৩১ ২৬, ৪০ এবং ১৪। ৬ ইনিংসে মাত্র ১৩১ রান করে এক ‘করুণ’ পরিণতির দিকেই এগিয়ে চলেছিলেন নায়ার।
চেনা ওভালে অবশেষে কিছুটা হলেও শাপমুক্তি। ২০১৬ সালে চেন্নাইয়ে ৩০৩ রানের ইনিংসটিতেই শেষবার হাফ সেঞ্চুরির গণ্ডি টপকেছিলেন করুণ। দীর্ঘ ৩ হাজার ১৪৯ দিন পর আবার টেস্টে অর্ধশতরানের দেখা পেলেন তিনি। তবে এর থেকেও চমকপ্রদ বিষয় হল, এর আগে কাউন্টি ক্রিকেটেও ওভালে বড় স্কোর করেছিলেন তিনি। বছর দুয়েক আগে নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি খেলেছেন করুণ। সেই সময়ও এই মাঠে দুর্দান্ত ব্যাটিং করেন। আর এ বার টেস্ট কামব্যাকেও অনুঘটকের ভূমিকায় ওভালের ২২ গজ।
মনেই করা হচ্ছিল, সম্ভবত ওভালেই শেষ সুযোগটা পেতে চলেছেন নায়ার। সেই সুযোগ আর হেলায় হারালেন না তিনি। বৃহস্পতিবার মেঘলা আকাশের নিচে বৃষ্টিভেজা সবুজ উইকেটে টিম ইন্ডিয়ার বাকি ব্যাটাররা একে একে সাজঘরের পথ ধরলেও একটা দিক একেবারে মাটি কামড়েই পড়ে থাকলেন করুণ। তাঁর চওড়া ব্যাটে একেকটা ডেড ডিফেন্স বলে দিয়ে গেল একটাই কথা। এভাবেও ফিরে আসা যায়!
