কোনেরু হাম্পিকে টাইব্রেকারে হারিয়ে নয়া ইতিহাস লিখেছেন দিব্যা দেশমুখ। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে বিশ্বকাপ জিতেছেন তিনি। সেই সুবাদে হয়েছেন দেশের ৮৮ তম গ্র্যান্ডমাস্টারও। এবার বিশ্বকাপ জয়ের পর দিব্যাকে সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য।
মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপ ফাইনালে দেশেরই এক নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পিকে হারিয়েছেন ১৯ বছর বয়সি দিব্যা। তারপর থেকেই দেশজোড়া অভিনন্দনে ভাসছেন তিনি। বৃহস্পতিবার নতুন বিশ্বচ্যাম্পিয়নকে সংবর্ধনা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। ফাইনালে অসাধারণ জয় এবং ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য দিব্যাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। অন্যদিকে আবার নাগপুরে দিব্যার বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই।
সূত্রের খবর, দিব্যাদের দেশমুখ পরিবারের সঙ্গে গাভাই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। দিব্যার ঠাকুরদা ডঃ কেজি দেশমুখ ছিলেন মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ তথা সন্ত গাডগে বাবা অমরাবতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। প্রধান বিচারপতি গাভাই জানিয়েছেন, তাঁর পিতা দাদাসাহেব গাভাইয়ের সঙ্গে ডঃ দেশমুখের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যা বছরের পর বছর ধরে দুটি পরিবারকে একটি বন্ধনে বেঁধে রেখেছে।
অন্যদিকে দিব্যাকে তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়ে দেশের প্রধান বিচারপতি বলেন, ‘দিব্যার সাফল্য কেবল মহারাষ্ট্রের জন্যই গর্বের মুহূর্ত নয়, বরং সমগ্র জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’ এরই সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘তার কৃতিত্ব অনেকের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সেইসঙ্গে পরবর্তী প্রজন্মকে আরও বড় লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে।’
