অবৈধ নির্মাণের খবর করায় কয়েকদিন আগে হেনস্তার শিকার হয়েছিলেন পুনের মহিলা সাংবাদিক স্নেহা বারভে। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার স্নেহাকে দেওয়া হল খুনের হুমকি।
মহারাষ্ট্রের পুনের মানচারের ওই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সাংবাদিক ও নারী অধিকার রক্ষা কর্মীদের মধ্যে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হস্তক্ষেপ দাবি করেছে জাতীয় মহিলা কমিশন ও সাংবাদিকের সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস।
পুনের একটি ইউটিউব-ভিত্তিক সংবাদমাধ্যমে সাংবাদিকতা করেন স্নেহা বারভে। ৪ জুলাই মানচারের একটি বিতর্কিত জমিতে অবৈধ নির্মাণের খবর করছিলেন তিনি। পরের দিনই একদল দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক দুষ্কৃতী তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করছে। লাঠির ঘায়ে গুরুতর জখম হন স্নেহা।
ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিস। কিন্তু মাত্র তিনদিনের মধ্যে অভিযুক্তরা জামিনে মুক্তি পায়। যদিও ঘটনার মূল অভিযুক্ত পাণ্ডুরঙ্গ সখারাম মোর্দে এখনও গ্রেপ্তার হয়নি। রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণেই পাণ্ডুরঙ্গকে পুলিস গ্রেপ্তার করেনি বলে অভিযোগ।
শুধু তাই নয়, পাণ্ডুরঙ্গের ছেলে প্রশান্ত মোর্দে স্নেহার বাবার অফিসে গিয়ে গোটা পরিবারের ক্ষতি করার হুমকি দেয় বলেও অভিযোগ। এমনকী, রাস্তায় আটকে স্নেহাকেও হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই মহিলা সাংবাদিক ও তাঁর পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এই হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে মহিলা কমিশন। মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাতকর জানিয়েছেন, স্নেহাকে মারধর ও হুমকির ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত ধরা পড়েনি। এটা অত্যন্ত উদ্বেগের।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এক বিবৃতিতে বলেছে, একজন মহিলা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার পরেও মূল অভিযুক্ত অবাধে ঘুরে বেড়াচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। একই সঙ্গে স্নেহা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
