বিএসএফকে ৪-০ গোলে গুঁড়িয়ে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচটিও জিতে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। সোমবার যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামে সবুজ মেরুন শিবিরের হয়ে গোলগুলি করেছেন মনবীর সিং, লিস্টন কোলাসো (২) এবং সাহাল আব্দুল সামাদ। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল হোসে মোলিনার দল।
এবছর ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গতবছর লিগ-শিল্ড এবং নকআউট, দুটি ট্রফিই জিতেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। এবার আপাতত ডুরান্ড কাপকেই বাড়তি গুরুত্ব দিয়েছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব। ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচে মহমেডানকে ৩-১ গোলে হারায় মোহনবাগান। যুবভারতীতে আয়োজিত ডুরান্ডের মিনি ডার্বিতে শেষের দিকে দশ জনে খেলেও পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করতে খুব একটা অসুবিধে হয়নি কোলাসো-সুহেলদের।
যুবভারতীর মতো কিশোরভারতীতেও ডুরান্ড জয়ের ছন্দ ধরে রেখেছিলেন সবুজ মেরুণের ফুটবলাররা। তাছাড়া গ্রুপে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বিএসএফ। যারা কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসির কাছে ০-৮ গোলে বিধ্বস্ত হয়েছে। আর সেই কারণেই, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে, ৩ পয়েন্টের পাশাপাশি, গোল পার্থর্ক্যের দিকেও ছিল বাড়তি নজর। ম্যাচের দ্বিতীয়ার্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও ৪-০ এর বেশি ব্যবধান বাড়াতে পারেননি মনবীর-লিস্টন-সাহালরা।
কিশোরভারতীতে এদিন ম্যাচের শুরুতে বাগান ডিফেন্ডারদের ভুলে দু-দুবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন বিএসএফ স্ট্রাইকার কিশোরী। তবে গোল লক্ষ্য করে নেওয়া তাঁর দূর্বল শট আটকাতে খুব একটা অসুবিধে হয়নি গোলরক্ষক বিশাল কাইথের। আবার গোলরক্ষক কাইথকে একা পেয়েও কিশোরীর শট বার উঁচিয়ে বেরিয়ে যায়।
প্রাথমিক জড়তা কাটিয়ে প্রতি আক্রমণে উঠে গোল করেছেন মোহনবাগানের উইংগার মনবীর সিং।
ম্যাচের ২৪ মিনিটে সতীর্থ রোশনের ক্রস থেকে হেডে গোল দেন মনবীর সিং। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান। বিরতির পর ম্যাচ শুরুর ৮ মিনিটের মধ্যেই তিন তিনটি গোল আদায় লকরে নেন সবুজ মেরুণের ফুটবলাররা। ম্যাচের ৫৩ এবং ৫৮ মিনিটে পর পর দুটি গোল করেন লিস্টন কোলাসো। প্রথমটি করেছেন সাহালে বাড়ানো পাস থেকে। দ্বিতীয়টি একরকম একক প্রয়াসে বিপক্ষের ডিফেন্ডারদের টলিয়ে। ম্যাচের ৬১ মিনিটে বিএসএফের আগুয়ান গোলরক্ষকে কাটিয়ে দলের চতুর্থ গোলটি করেন সাহাল। যদিও বিএসএফ ডিফেন্ডাররা গোললাইন সেভের দাবি তুলেছিল।
ডুরান্ডে মোহনবাগান তাদের ম্যাচ জিতলেও আইএফএর প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে হারতে হয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাবকে। নৈহাটিতে পিয়ারলেসের কাছে ০-১ গোলে হেরেছে সাদা-কালো শিবির। আইএফএর প্রিমিয়ার লিগে এখন জয়ের মুখ দেখেননি মেহেরাজউদ্দিন ওয়াডুর ফুটবলাররা।
