গত কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্রী হনসিকা মোতওয়ানি এবং তাঁর স্বামী, ব্যবসায়ী সোহেল খাতুরিয়ার বিচ্ছেদের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। গত মাসে প্রথম খবর প্রকাশ পায় যে, এই তারকা দম্পতির বৈবাহিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ১৮ জুলাই, ২০২৫-এর পর থেকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনও পোস্ট করেননি হনসিকা। সেই সঙ্গে এখনও পর্যন্ত কোনও ইনস্টাগ্রাম স্টোরিও দেননি তিনি। এই নীরবতাই বিচ্ছেদের গুজবকে আরও জোরদার করেছে।
হিন্দুস্তান টাইমস-এর একটি রিপোর্ট, যা ১৯ জুলাই, ২০২৫-এ আপডেট হয়, তাতে একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে— “হনসিকা এখন তাঁর মায়ের সঙ্গে থাকছেন, আর সোহেল থাকছেন তাঁর পরিবারের সঙ্গে। ২০২২ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ে হয়েছিল। প্রথমে দু’জনে সোহেলের পরিবারের সঙ্গেই থাকতেন, কিন্তু বড় পরিবারের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। পরে তাঁরা একই বিল্ডিংয়ের একটি কনডো ফ্ল্যাটে স্থানান্তরিত হন। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি বলে শোনা যাচ্ছে।”
যদিও এই বিষয়ে হনসিকা কোনও মন্তব্য করেননি, সোহেল খাতুরিয়া হোয়াটসঅ্যাপ মেসেজে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়ে বলেন, “এটা সত্যি নয়।” তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি যে, তাঁরা আলাদা থাকছেন কি না বা তাঁদের বিচ্ছেদ হয়েছে কি না! হনসিকার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেষ দেখা গেছে একটি রিল ভিডিও, যেখানে তিনি এবং তাঁর মা একসঙ্গে মজার ছলে দেখাচ্ছেন কীভাবে তাঁরা রিয়্যাক্ট করেন যখন “টিডিএস সময়মতো জমা পড়ে না।”
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে প্রেমিক সোহেল খাতুরিয়াকে বিয়ে করেছিলেন হনসিকা। তার আগে নভেম্বরে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে সোহেল তাঁকে প্রপোজ করেন। সেই ছবিগুলি তখন হনসিকা ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন “Now and Forever” ক্যাপশন দিয়ে।
তবে বর্তমানে দেখা যাচ্ছে, হনসিকা তাঁদের বিয়ের ছবিগুলি সরিয়ে ফেলেছেন। যদিও প্রপোজাল এবং গায়ে হলুদের ছবিগুলি এখনও তাঁর প্রোফাইলে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা দু’জনেই একসময় সমালোচনার মুখে পড়েছিলেন, কারণ সোহেল-এর প্রথম স্ত্রী রিঙ্কি বাজাজ ছিলেন হনসিকার বন্ধু। এবার তাঁদের বিয়ের ভবিষ্যত কী হয় তা সময়ই বলবে।
