প্রায় দু বছর ধরে চলা গাজার যুদ্ধ কি এবার নতুন মোড় নিতে চলেছে? ইজরায়েলি সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো গাজা উপত্যকা দখলের পরিকল্পনা করছেন। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর কয়েকজন কর্তা।
এনডিটিভির এক রিপোর্ট অনুযায়ী ইজরায়েলের চ্যানেল ১২ এক সরকারি কর্তার উদ্ধৃতি উল্লেখ করে জানিয়েছে যে নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার দিকে ঝুঁকছেন। নেতানিয়াহু নাকি ব্যক্তিগত কথোপকথনে ‘গাজার পূর্ণ দখল’ কথাটি বারবার ব্যবহার করছেন। আর এখানেই একটা বড় রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত উঠে আসছে।
এইমুহূর্তে আইডিএফ গাজার প্রায় ৭৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। পণবন্দিদের মুক্তি এবং গাজা যেন আর কখনও ইজরায়েলের জন্য সমস্যা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে পুরোটাই দখল করতে চান নেতানিয়াহু। ইয়ানেট নিউজ জানিয়েছে, গাজার পূর্ণ দখলের পথে যাচ্ছে ইজরায়েল।
তবে জানা যাচ্ছে রাজনৈতিক নেতৃত্ব এবং সেনাবাহিনীর মধ্যে গাজার ভবিষ্যৎ নিয়ে গুরুতর মতবিরোধ তৈরি হয়েছে। সেনাবাহিনীর আশঙ্কা এতে জীবিত পণবন্দীদের জীবন হুমকির মুখে পড়বে। জানা যাচ্ছে IDF-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নাকি রাজনৈতিক নেতৃত্বের এই অবস্থান নিয়ে ক্রমশ হতাশ। যদি নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে গাজার ২২ লক্ষ সাধারণ নাগরিক এবং সেখানে কাজ করা মানবিক সংস্থাগুলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
