ওভাল টেস্টে ভারতের ঐতিহাসিক জয়। জয়ের অন্যতম কারিগর মহম্মদ সিরাজকে ঘিরে চলছে দেশ-বিদেশে উন্মাদনা। প্রশংসার বন্যা প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের। এমনই আবহে, তাঁদের ডিএসপি সাহেবকে অভিনন্দন জানিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তেলেঙ্গানা পুলিস। সেটা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। এক্স হ্যান্ডেলে দেওয়া সেই অভিনন্দন বার্তা কিন্তু চাপ বাড়িয়েছে তেলেঙ্গানা পুলিসের শীর্ষ কর্তাদের। কারণ ক্রীড়া অনুরাগীরা সমস্বরে দাবি তুলেছেন, ডিএসপি সাহেবের পদোন্নতি ঘটিয়ে এসপি করা হোক দ্রুত।
ডান হাতের মুঠোয় বল, বাঁ হাতে ধরা উইকেট। সতীর্থদের সঙ্গে ওভাল জয়ের উচ্ছ্বাসে মেতেছিলেন মহম্মদ সিরাজ। এক্স হ্যান্ডেল তথা সাবেক টুইটারে তাঁদের ডিএসপি সাহেবের এমন ছবিকে সামনে রেখে অভিনন্দন বার্তা পোস্ট করেছিল তেলেঙ্গানা পুলিস। বছর ৩১ এর পেসারের হাতে পুষ্পস্তবক দেওয়া পুরনো ছবিও জুড়ে দেওয়া হয়েছিল সেখানে। লেখা ছিল, “Congratulations to Shri Mohammed Siraj, DSP! For his stellar performance in India’s historic Test win against England! Pride of Telangana | Hero in Uniform & Sport,”
তেলেঙ্গানা পুলিসের অফিসিয়াল হ্যান্ডেলে দেওয়া অভিনন্দন বার্তা দ্রুত নজর কেড়েছে নেট নাগরিকদের। হায়দরাবাদি পেসারকে অভিনন্দন জানানোর পাশাপাশি মজার মজার মন্তব্যও উঠে তাঁদের প্রতিক্রিয়া থেকে। অধিকাংশ প্রতিক্রিয়াতে দাবি তোলা হয়েছে পদোন্নতির। কেউ লিখেছেন, ”Make him SP”। কোথাও আবার লেখা হয়েছে, “Ab to DSP se SP bana do Siraj Bhai ko “
তেলেঙ্গানা পুলিশের উচ্চকর্তাদের কাছে কারুর জোরালো দাবি, “Sir, his promotion is due now…”। কেউ আবার লিখেছেন, ” Give this man a raise”।
স্পোর্টস কোটায় তেলেঙ্গানা পুলিসে চাকরির নিয়োগপত্র পেয়েছিলেন মহম্মদ সিরাজ। রয়েছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিস (ডিএসপি) পদে। ক্রিকেট মাঠে তাঁর একের পর এক নজরকাড়া পারফরম্যান্স রীতিমতো অনুপ্রাণিত করে তেলেঙ্গানার তরুণ প্রজন্মকে। আর সেই কারণেই ডিএসপি মহম্মদ সিরাজ এখন তেলেঙ্গনা পুলিসের গর্ব।
