ইংল্যান্ড সফরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আকাশ দীপ এখন দেশের নয়নের মণি। এ দিকে দেশে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আকাশের দিদি অখণ্ড জ্যোতি সিং। বার্মিংহামে ম্যাচ জেতানো বোলিং করার পর সেই দিদিকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ভারতীয় পেসার। তাই দেশে ফিরে আর দেরি করলেন না। দিদির সঙ্গে দেখা করতে সোজা লখনউয়ে ছুটলেন আকাশ।
ইংল্যান্ডে ৫ টেস্টের পর টিম ইন্ডিয়া এখন ছুটির মেজাজে। অনেক ক্রিকেটারই বিলেত থেকে সরাসরি ছুটি কাটাতে চলে গিয়েছেন। তবে আকাশ দীপ সেই দলে নেই। সোমবার বিকেলে লন্ডন থেকে ফ্লাইটে ওঠেন আকাশ। সেখান থেকে প্রথমে দুবাই হয়ে দিল্লিতে নামেন তিনি। তারপর মঙ্গলবার সন্ধ্যায় তিনি এসে পৌঁছেন লখনউয়ে। এতটা যাত্রাপথেও তাঁর ভাবনাজুড়ে শুধুই ছিলেন দিদি।
এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছিলেন বিহারের প্রত্যন্ত গ্রাম দেহরি থেকে উঠে আসা আকাশ দীপ। সেই পারফরম্যান্সও দিদিকেই উৎসর্গ করেছিলেন আকাশ। তবে তারও আগে অর্থাৎ ইংল্যান্ডে যাওয়ার আগে তিনি দিদিকে বারবার নিষেধ করেছিলেন রোগ নিয়ে বেশি ভাবতে। তখন দিদিও ভাইকে পরামর্শ দেন, “তুই নিজের খেলার দিকে মন দে।” অবশেষে খেলে, জয় করে দিদির কাছে ফিরল ভাই।
২৮ বছরের জীবনে অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছেন আকাশ। মাত্র ১৮ বছরেই বাবাকে হারান তিনি। এরপর এক বছরের মধ্যেই চলে যান দাদাও। এই অবস্থায় মারণ কর্কটরোগে আক্রান্ত দিদিকে নিয়ে একটু বেশিই আবেগতাড়িত টিম ইন্ডিয়ার জোরে বোলার। জানান, “বার্মিংহামে ১০ উইকেট পেয়েছিলাম। ওই জয় দিদিকেই উৎসর্গ করেছি। দেশে ফিরে সবার প্রথমে তাই ওঁর সঙ্গেই দেখা করতে যাচ্ছি আমি। আজ আর বেশি কথা বলতে চাই না। বরং দিদির সঙ্গে সময় কাটাতে চাই। ওঁকে এই যুদ্ধে জিততেই হবে।” উল্লেখ্য, ভারতীয় দল বিলেতে যখন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে গিয়েছিল, রাজা আকাশকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন তাঁর দিদির কথা।
Tags: Cricket, Akash Deep, IND Vs ENG, India’s Tour of England 2025, Akash Deep Sister
