যেমনটা ভেবেছিলেন ভারতকে তেমন ধাক্কা দিতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন ভারতীয় রপ্তানির উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার একদিন পরেই, বৃহস্পতিবার সকালের বাজারে ডলারের বিপরীতে শক্তিশালী অবস্থায় শুরু করল টাকা। প্রাথমিক লেনদেনেই ডলারের বিপরীতে টাকা ৩ পয়সা শক্তিশালী হয়ে ৮৭.৬৯ টাকায় পৌঁছল।
অর্থাৎ এর থেকেই কিছুটা পরিষ্কার যে মার্কিন প্রেসিডেন্টের এই রকম অযৌক্তিক ও অগ্রহণযোগ্য শুল্কবৃদ্ধিতে ভয় পাচ্ছে না ভারতীয় বাজার ও বিনিয়োগকারীরা। ভারত সরকারও এই অন্যায্য হারে শুল্ক বৃদ্ধির কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে।
আমেরিকা ও ইউরোপের বহু দেশ ইউক্রেন যুদ্ধ চলাকালেই নিজেদের সুবিধের কথা ভেবে রাশিয়ার সঙ্গে দিব্যি বাণিজ্য চালিয়ে যাচ্ছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাঁচা তেল আমদানি চালিয়ে যাওয়ার ‘শাস্তি’ হিসেবে ভারতীয় রপ্তানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে তা ৫০ শতাংশ করে দিয়েছেন। তিনি রাশিয়ার তেল কেনা অন্যান্য দেশকেও একই রকম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও ভারত একে আমেরিকার দ্বিচারিতা বলে অভিযোগ করেছে। এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল্লির সাফ দাবি, “মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষত যখন একই ধরনের পদক্ষেপ অন্যান্য অনেক দেশও তাদের জাতীয় স্বার্থে গ্রহণ করছে।” পাশাপাশি ভারত জানিয়ে দিয়েছে, “আমাদের আমদানি বাজারভিত্তিক এবং ১.৪ বিলিয়ন মানুষের শক্তি নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।”
আর মুদ্রা বাজারে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির কোনও প্রভাব না পড়ে বরং বেড়ে যাওয়াটার পিছনে এই অভয়ই কাজে এসেছে বলে মনে করা হচ্ছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
