দিল্লির করাওয়াল নগর এলাকায় এক ব্যক্তি তার স্ত্রী ও দুই নাবালিকা কন্যাকে নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই হাড়হিম ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের ২৮ বছর বয়সি স্ত্রী জয়শ্রী এবং তাদের দুই কন্যা, যাদের বয়স মাত্র ৫ ও ৭ বছর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের কলহ এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, কীভাবে ওই ব্যক্তি স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক, তাকে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত। এক প্রতিবেশী বলেন,
‘আমরা সকাল ছ’টার দিকে বিষয়টি জানতে পারি। দরজা খুলে দেখি মা ও দুই মেয়ে বিছানায় পড়ে আছেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে এবং খুব শীঘ্রই তাকে আটক করা সম্ভব হবে বলে আশাবাদী তারা।
