আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ফের ভারতকে হুমকি দিলেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। ভারতের উপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিলেন তিনি। আমেরিকার ফ্লোরিডায় আরও বিস্ফোরক মন্তব্য এসেছে পাক সেনাপ্রধানের কাছ থেকে। তিনি বলেছেন, “পাকিস্তান এক পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় যে আমরা ধ্বংসের পথে এগিয়ে চলেছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই আমরা ধ্বংস হব।”
অপারেশন সিঁদুর অভিযানের পর পর দু মাসে দুবার আমেরিকা গিয়েছেন পাক সেনাপ্রধান। রবিবার আমেরিকার ফ্লোরিডায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে আমন্ত্রিত ছিলেন পাক সেনাপ্রধান। সেখানেই তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন। মুনির বলেন, “এই মুহূর্তে গোটা বিশ্ব জানে পাকিস্তান এক পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় যে আমরা ধ্বংসের দিকে এগিয়ে চলেছি তবে আমরা একা যাব না। অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়েই আমরা ধ্বংস হব।” একইসঙ্গে মুনির ভারতকে ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। কুটনৈতিক মহল মনে করছে, আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনও দেশকে এ ধরনের হুমকি নজিরবিহীন। যদিও মুনিরের এই মন্তব্যের প্রেক্ষিতে হোয়াইট হাউসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করছে মোদি সরকার। ওই হামলার জন্য পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে ভারত। ইসলামাবাদকে সবক শেখাতে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রেখেছ ভারত। সিন্ধু এবং তার উপনদী বিতস্তা এবং চন্দ্রভাগা পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত। ভারত যদি বাঁধ দিয়ে সিন্ধুর জল পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তাহলে সে দেশে জলসঙ্কট দেখা দিতে পারে। নষ্ট হতে পারে পাকিস্তানের কৃষিকাজ। প্রসঙ্গটি উত্থাপন করে মুনির বলেন, “ভারত জলচুক্তির শর্ত না মানলে তাদের সমুচিত জবাব দেব। ওরা বাঁধ তৈরি করুক, এটা দেখার অপেক্ষা করছি। বাঁধ তৈরি হলেই আমরা ১০টি মিসাইল ছুড়ে ওই বাঁধ গুঁড়িয়ে দেব।” ভারতের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে মুনির বলেন, “সিন্ধু ভারতের পৈত্রিক সম্পত্তি নয়। দিল্লির মনে রাখা উচিত, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই।”
তবে মুনির কার্যত ভারতের অগ্রগতি ও উন্নতির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ভারত হল একটি ঝাঁ চকচকে মার্সিডিজ। কিন্তু পাকিস্তান হল পাথর বোঝাই ট্রাক। তবে রাস্তায় যদি ওই পাথর বোঝাই ট্রাক মার্সিডিজকে ধাক্কা দেয় তাহলে কী হবে সেটা সকলেই জানে। তবে ভারতকে হুঁশিয়ারি এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্পষ্ট জানিয়েছেন, জল ও রক্ত কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের মদত বন্ধ না করে তাহলে ভারতের অবস্থানও বদল হবে না। সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে। সিন্ধু ও তার উপনদীগুলির জলের উপর পাকিস্তান সম্পূর্ণ নির্ভরশীল। সে কারণে ভারত সিন্ধুর জল প্রবাহে বাধা দেওয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একাধিকবার রাষ্ট্রসঙ্ঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a comment
Leave a comment
