ডুরান্ড কাপ ফুটবলে নজরকাড়া ছন্দে ইস্টবেঙ্গলের সিনিয়র টিম। দাদাদের দেখে কলকাতা লিগেও এবার উজ্জীবীত ফুটবল উপহার দিচ্ছে লাল-হলুদ ব্রিগেডের জুনিয়র দল। নৈহাটিতে মঙ্গলবার রেলওয়ে এফসিকে ৩-০ গোলে হারিয়ে দিল মশাল বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে গোল ২টি গোল করেছেন সায়ন ব্যানার্জি। ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে গোল করেছেন নাসিব রহমান।
প্রিমিয়ারের গ্রুপ এ তে অপেক্ষাকৃত দুর্বল দল মেহতাব হোসেনের রেলওয়ে এফসি। রেলের বিরুদ্ধে ম্যাচে দলের সিনিয়র ফুটবলারদের তাই প্রথম একাদশে বেশিজন রাখেননি। ছিলেন অধিনায়ক সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণুও। ম্যাচে ৩-০ গোল ব্যবধানে জয় এনেছে মূল্যান ৩ পয়েন্ট। যার সুবাদে সিএফএল-এর প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপে শীর্ষে উঠে এল ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব।
নৈহাটিতে ৩ মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল করে ম্যাচের ভাগ্য একদম নিশ্চিত করে দেন সায়ন ব্যানার্জি। রেলের কোচ হিসেবে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের এটি ছিল লিগের দ্বিতীয় ম্যাচ। কোচের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে ড্র করলেও এদিন কিন্তু পয়েন্ট কাড়তে পারেননি। ফলে অবনমনের খাঁড়া ঝুলছে রেলওয়ে এফসির ঘাড়ে।
অন্যদিকে বিনো জর্জের ফুটবলাররা নৈহাটি স্টেডিয়াম থেকে অনায়াসে জয় তুলে নিলেও লাল কার্ড দেখতে হয়েছে চাকু মান্ডিকে। লিগে আপাতত ১০ ম্যাচে ২০ পয়েন্ট রয়েছে সায়নদের ঝুলিতে। রেলেওয়ে এফসির সংগ্রহ ৯ ম্যাচে ৪ পয়েন্ট। পুলিশ এসির সঙ্গে ড্র করে এ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সুরুচি সঙ্ঘ। লিগ টেবিলে মোহনবাগান রয়েছে পঞ্চম স্থানে।
