ভারতীয় ফুটবলে বুধবার থেকে শুরু হল খালিদ জামিলের জামানা। এআইএফএফ এর সঙ্গে ২ বছরের চুক্তিতে সই করলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও সফল ক্লাব কোচ খালিদ জামিল। ২০১২ সালে স্যাভিও মেদেরার পর, ফের জাতীয় ফুটবল দলের দায়িত্বভার সামলাবেন একজন ভারতীয় কোচ।
ক্লাব ফুটবলে কোচিং এর দায়িত্বভার সফলভাবে দীর্ঘদিন ধরে সামলেছেন খালিদ জামিল। আই লিগ এবং আইএসএ- কোচিং করিয়েছেন জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, আইজল এফসি, ইস্ট বেঙ্গল এফসি, মোহনবাগান এসি এবং মুম্বাই এফসিকে। বছর ৪৮ এর খালিদ বুধবার থেকে পূর্ণ সময়ের জন্য শুধুমাত্র জাতীয় ফুটবল দলের হেডকোচেরই দায়িত্বে।
ফেডারেশন সূত্রে খবর, আগামী ১৫ আগস্ট প্রথম প্রশিক্ষণ শিবির শুরু করবেন খালিদ জামিল। কলকাতায় নয়, বেঙ্গালুরুর দ্রাবিড়-পাড়ুকোন সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে বসবে ক্যাম্প। শিবিরে কোন কোন ফুটবলার থাকবেন, তার তালিকাও দ্রুত ঘোষিত হবে। কারণ ২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে সিএএফএ নেশনস কাপ। টুর্নামেন্টে ভারত রয়েছে গ্রুপ ডি’তে। আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টে থেকে জাতীয় দলের ডাগআউটে থাকবেন হেডকোচ খালিদ।
নেশনস কাপে সুনীল ছেত্রীদের ব্লু টাইগার্সের প্রথম ম্যাচ রয়েছে ২৯ আগস্ট। প্রতিপক্ষ তাজিকিস্তান। পরে ১ এবং ৪ সেপ্টেম্বর যথাক্রমে ইরান ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে জাতীয় ফুটবল দল। নেশনস কাপের পর অক্টোবরের ৯ এবং ১৪ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে হবে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ।
বুধবার হেডকোচের দায়িত্বভার তুলে নিয়ে খালিদ জামিল বলেছেন, “কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। একই সঙ্গে সৌভাগ্যবানও। অনেক দিন ধরেই ভারতীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়েছি। তাদের শক্তি, দুর্বলতাগুলি বুঝি। নেশনস কাপ এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের ম্যাচগুলিতে ভালো খেলাই হবে আমাদের লক্ষ্য ।”
আই লিগ হোক কিংবা আইএসএল, দেশের ক্লাব ফুটবলে দুটি ক্ষেত্রেই সফল কোচ খালিদ জামিল। ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তরে কোচিং করানোর কারণে, জাতীয় দলের ফুটবলারদের নাড়ি-নক্ষত্রও তিনি চেনেন। আর সেই কারণেই বিদেশী কোচের বদলে এবার দেশি কোচের হাতেই জাতীয় ফুটবল দলের দায়িত্ব তুলে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
