একই দিনে দুটি ইন্দ্রপতন বাংলার ক্রীড়া মহলে। বৃহস্পতিবার সকালেই প্রয়াত হয়েছেন ভারতকে অলিম্পিক পদক জেতানো হকি খেলোয়াড় ভেস পেজ। সেই শোকাবহের মাঝেই এবার সামনে এল আরও একটি দুঃসংবাদ। প্রয়াত কলকাতা ফুটবলের অন্যতম পরিচিত মুখ পার্থ সেন। যাঁর কোচিংয়ে চলতি কলকাতা লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে মামনি পাঠচক্র।
মাত্র ৫৫ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পার্থ সেন। জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এর আগে মঙ্গলবার বিএসএসের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাঠচক্র। সেদিনও ডাগআউটে হাজির ছিলেন কোচ পার্থ সেন। বৃহস্পতিবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর কাউকে কোনও সুযোগ না দিয়েই পাড়ি দিলেন না ফেরার দেশে।
বঙ্গ ফুটবলে পার্থ সেন এক অন্যতম চেনা নাম। মামনি পাঠচক্রের কোচ হওয়ার আগে ২০১৯ সালের সন্তোষ ট্রফিতে বাংলার সহকারী কোচের দায়িত্বও সামলেছেন তিনি। তারও আগে ২০১৬ সালে দিল্লিতে অনুষ্ঠিত মীর ইকবাল ট্রফিতে বাংলা সাব জুনিয়র দল চ্যাম্পিয়ন হয়। সেই দলেরও কোচ ছিলেন পার্থ সেন।
বরাবরই তরুণ প্রতিভাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকতেন প্রচারবিমুখ এই কোচ। জানা গিয়েছে, এদিন সকালেও ইউনাইটেডের জুনিয়র দলকে কোচিং করানোর জন্য মাঠে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ। পার্থ সেনের প্রশিক্ষণে এই মুহূর্তে চলতি কলকাতা লিগে গ্রুপ এ’র পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মামনি পাঠচক্র। সুপার সিক্সেও হয়তো তারা পৌঁছে যাবে। কিন্তু মাথায় ছায়া দেওয়ার জন্য আর থাকবেন না বটবৃক্ষের মতো কোচ।
কোচিং কেরিয়ারের শুরুতে পার্থ সেন ছিলেন নারায়াণপুর ইউনাইটেডের কোচ। এই সময়ই ইউনাইটেড স্পোর্টস কর্মকর্তা নবাব ভট্টাচার্যের নজরে আসেন। এরপর ২০১০ সাল নাগাদ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত হন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে।
