মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া কেনেডি সেন্টারের আজীবন সম্মাননা গ্রহণের প্রস্তাব ফিরিয়ে দিলেন হলিউড তারকা টম ক্রুজ, এমনটাই খবর। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৬৩ বছর বয়সি এই অভিনেতা “সূচি সংক্রান্ত দ্বন্দ্ব” ( scheduling conflicts) কারণে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে অভিনেতা জনসমক্ষে তেমন কিছু বলেন নি। এদিকে ট্রাম্প নিজে নাকি তাঁকে প্রথম দিকের সম্মানপ্রাপকদের একজন হিসেবে রাখতে চেয়েছিলেন। তবে এর ফলে ‘মিশন ইমপসিবল’ তারকার নাম এই বছরের সম্মাননার চূড়ান্ত তালিকায় নেই।
যদিও রাজনৈতিক সম্মাননা তিনি নেননি, টম ক্রুজ এই বছরই মার্কিন চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য সম্মানসূচক অস্কার পাচ্ছেন। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর আগেই জানিয়েছে, নভেম্বরে ২০২৫ গভর্নরস অ্যাওয়ার্ডসে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে।
রাজনীতি থেকে দূরে থাকা ক্রুজের বিপরীতে, সহ-সম্মানপ্রাপক সিলভেস্টার স্ট্যালোন প্রকাশ্যে ট্রাম্পের সমর্থন জানিয়ে আসছেন। ‘র্যাম্বো’ ও ‘রকি’ খ্যাত এই অভিনেতা ট্রাম্পকে প্রশংসা করে এমনকি তাঁকে আমেরিকার প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটনের সঙ্গে তুলনা করেছেন। গত বছর মার-আ-লাগোতে এক অনুষ্ঠানে স্ট্যালোন বলেন, “আমরা দ্বিতীয় জর্জ ওয়াশিংটনের উপস্থিতিতে আছি,” এবং ট্রাম্পের সাফল্যে তিনি মুগ্ধ।
ট্রাম্পের ব্যক্তিগত পছন্দে এই বছরের কেনেডি সেন্টার অনারিজ তালিকায় রয়েছেন, কান্ট্রি সংগীতশিল্পী জর্জ স্ট্রেইট, ব্রডওয়ে তারকা মাইকেল ক্রফোর্ড, সিলভেস্টার স্ট্যালোন, ডিস্কো কুইন গ্লোরিয়া গেনর, এবং রক ব্যান্ড ‘কিস’। ট্রাম্প স্বীকার করেছেন, তিনি তালিকা তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন এবং অনেক নাম বাদ দিয়েছেন কারণ তাঁরা নাকি অতিরিক্ত! এই অনুষ্ঠানটি হবে আগামী ৭ ডিসেম্বর কেনেডি সেন্টারে। সিবিএস পরে টেলিভিশনে প্রচার করবে এবং প্যারামাউন্ট+-এ স্ট্রিমিং দেখা যাবে।
