দ্য বেঙ্গল ফাইলস ফিল্মের মুক্তি পশ্চিমবঙ্গে আটকে গেলে আইনি পদক্ষেপ করা হবে। সাফ জানিয়ে দিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি কলকাতায় ফিল্মের ট্রেলার লঞ্চ ব্যাহত হয়েছে বিতর্ক ও গন্ডগোলের জেরে। পরিচালকের দাবি, গন্ডগোলের জেরে মাল্টিপ্লেক্সের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পরে একটি হোটেলে তা দেখানোর ব্যবস্থা করা হলেও সেখানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কি না সেই প্রশ্নও উঠেছে। ট্রেলার লঞ্চেই এই বিপত্তিতে রীতিমতো তিতিবিরক্ত পরিচালক। তাই ফিল্মের মুক্তি ঘিরে আগাম বার্তাও দিয়ে রাখলেন দ্য বেঙ্গল ফাইলস এর পরিচালক।
বিবেক অগ্নিহোত্রীর ”ফাইলস” সিরিজের তৃতীয় হিন্দি ছবি দ্য বেঙ্গল ফাইলস। আগের দুটি ছিল দ্য তাসখন্দ ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইলস। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে দ্য বেঙ্গল ফাইলস। দিল্লিতে তারই ট্রেলার লঞ্চ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ”বিতর্কিত” পরিচালক। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারেরও সমালোচনা করেন তিনি।
মুক্তি পেতে চলা দ্য বেঙ্গল ফাইলস ফিল্মটি দেশের অকথিত কিছু কাহিনী প্রকাশ্যে আনবে বলে দাবি করেছেন পরিচালক। ছবিটি তিনি তৈরি করেছেন ১৯৪৬-এর ১৬ আগস্টের “গ্রেট ক্যালকাটা কিলিংস”-কে ঘিরে। দাবি করেছেন, মুসলিম লিগের ডাকা ‘Direct Action Day’-র নেপথ্যে থাকা সত্য তুলে ধরবে এই ছবি।
পরিচালক বিবেকের বক্তব্য, ভারতের হিন্দু সংস্কৃতির পৌরাণিক কাহিনী, ইতিহাস এবং দর্শন থেকে তিনি অনুপ্রেরণা পান। আর সেই কারণেই তা তুলে ধরতে চেষ্টা করেন তাঁর ছবিতে। ইসলামিক কিংবা খ্রিস্টান সংস্কৃতিতে তিনি তেমন সড়গড় নন। মনিরত্নম কিংবা বিশাল ভরদ্বাজের মতো তাই রোজা কিংবা হায়দর-এর মতো ছবি বানাতে পারবেন না।
সেন্সর বোর্ডে কোনও কাটছাঁট হয়নি দ্য বেঙ্গল ফাইলস। দাবি করেছেন পরিচালক স্বয়ং। বলেছেন, অনেক দায়িত্ব ও আন্তরিকতার সঙ্গে ছবিটি তৈরি হয়েছে। আর মুক্তি পেলে বাঙালিরা এটা নিয়ে গর্ব করবে। দ্য বেঙ্গল ফাইলস-এ অভিনেতাদের তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি, অনুপম খের, পল্লবী জোশী, প্রিয়াংশু চ্যাটার্জি, সৌরভ দাসের মতো অভিনেতারা।
