ভারতের প্রতি বিশ্বজুড়ে দেশগুলির দৃষ্টিভঙ্গি কেমন? সেই নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ সমীক্ষা চালানো হয় ৮ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল, ২০২৫ পর্যন্ত। সেই পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে ২৪টি দেশে ভারতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সামান্য ইতিবাচক। সমীক্ষায় দেখা গেছে, গড়ে ৪৭ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মত পোষণ করেছেন। ৩৮ শতাংশ মানুষ নেতিবাচক মতামত দিয়েছেন। আর ১৩ শতাংশ মানুষ কোনও মতামত দেননি।
তবে সমীক্ষাটি সম্পন্ন হয়েছিল এপ্রিল মাসে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনা ও ভারত-পাকিস্তান সংঘর্ষের আগে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক ঘোষণা করার আগেই চলেছে এই সমীক্ষা।
প্রায় অর্ধেক দেশে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি। কেনিয়া, যুক্তরাজ্য ও ইজরায়েলে ভারতের জনপ্রিয়তা সর্বাধিক। সেখানে ৬০ শতাংশ বা তার বেশি মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখছেন। জার্মানি, জাপান, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়াতেও সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
অন্যদিকে, নেতিবাচক মতামত সবচেয়ে বেশি তুরস্ক ও অস্ট্রেলিয়ায়, এই দুই দেশে অর্ধেকেরও বেশি মানুষ ভারতের প্রতি বিরূপ দৃষ্টিভঙ্গি পোষন করেন। আর্জেন্টিনা ও ব্রাজিলেও নেতিবাচক মতামত ইতিবাচকের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় মতামত প্রায় সমানভাবে বিভক্ত।
২০২৩ সালের পর থেকে কিছু দেশে ভারতের জনপ্রিয়তা বেড়েছে, আবার কিছু দেশে কমেছে। দক্ষিণ আফ্রিকায় ইতিবাচক মতামত ৪৬ শতাংশে পৌঁছেছে। এটি ২০০৮ সালের পর সর্বোচ্চ এবং ২০২৩ সালের তুলনায় ১৭ শতাংশ বেশি। এর পেছনে ভারত-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক আরোও জোরদার করার ঘোষণা এবং নতুন চেম্বার অফ কমার্স গঠনের ভূমিকা রয়েছে।
ফ্রান্স ও জার্মানিতে ভারতের জনপ্রিয়তা গত এক বছরে দ্বিগুণ অঙ্কে বেড়েছে। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় তেমন পরিবর্তন হয়নি। তবে দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয়তা ২০২৪ সালের তুলনায় ১৬ শতাংশ কমে গেছে, যা ২০০৭ সালের পর সর্বনিম্ন। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ভারত উত্তর কোরিয়ায় দূতাবাস পুনরায় চালু করেছিল। ইজরায়েলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ২০২৩ সালের পর থেকে ১১ শতাংশ কমলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও ভারতের প্রতি ইতিবাচক।
২৪টি দেশের মধ্যে অর্ধেক দেশে পুরুষদের তুলনায় নারীরা ভারতের বিষয়ে কম ইতিবাচক। জাপান, নেদারল্যান্ডস, জার্মানি, আর্জেন্টিনা ও ফ্রান্সে পুরুষ ও নারীর মধ্যে ইতিবাচক মতামতের পার্থক্য দ্বিগুণ অঙ্কে। অন্যদিকে, ফ্রান্স, পোল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় নারীরা পুরুষদের তুলনায় বেশি অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
ছয়টি দেশে বয়স অনুযায়ী ভিন্নতা দেখা গেছে। ব্রাজিল, নেদারল্যান্ডস, জাপান ও যুক্তরাজ্যে তরুণ প্রজন্ম (৩৫ বছরের নিচে) বয়স্কদের তুলনায় ভারতের প্রতি বেশি ইতিবাচক। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যে তরুণরা বয়স্কদের তুলনায় ২০ শতাংশ বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পরিস্থিতি উল্টো, সেখানে বয়স্করা ভারতের প্রতি তরুণদের তুলনায় বেশি ইতিবাচক।
রাজনৈতিক মতাদর্শ অনুযায়ীও ভিন্নতা রয়েছে। অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায় ডানপন্থীরা ভারতের প্রতি বেশি ইতিবাচক। আর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে বামপন্থীরা ভারতের প্রতি বেশি ইতিবাচক। সার্বিকভাবে, সমীক্ষা বলছে, ভারতের প্রতি বিশ্বের মতামত এখনও মিশ্র। তবে অনেক দেশে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ছে, আবার কিছু দেশে কমছে।
