৫০ বছরেও দিব্যি সুস্থ এবং তরতাজা রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। দুই সন্তানের মা বছর পঞ্চাশের শিল্পা এখনও তাঁর নির্মেদ শরীর, উজ্জ্বল ত্বক এবং শারীরিক সুস্থতার কারণে যথেষ্টই আকর্ষণীয়। অনেকেই মনে করেন, শরীর সুস্থ রাখতে ডায়েট করা প্রয়োজন। ভাত রুটি বেশি খাওয়ার দরকার নেই। কার্বোহাইড্রেটের বদলে প্রোটিন জাতীয় খাবারে জোর দিতে হবে। কিন্তু শিল্পার প্রতিদিনের খাদ্যতালিকা একেবারেই আলাদা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি নিয়মিত ভাত রুটি খান। এই বলিউড তারকার সকাল শুরু হয় অ্যালোভেরার রস দিয়ে। অ্যালোভেরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে বলে শিল্পা জানিয়েছেন। সকালে জলখাবারে অভিনেত্রী খান পরিজ এবং চা। দুপুরে তাঁর পাতে থাকে ভাত। তবে তিনি ব্রাউন রাইস পছন্দ করেন। সঙ্গে থাকে ডাল, রুটি, মুরগির মাংস এবং সাদা তেল বা অলিভ অয়েলে রান্না করা প্রচুর পরিমাণে শাকসবজি। নিজেকে সুস্থ রাখতে শিল্পা অবশ্য ময়দা, চিনি এবং সাদা চাল একেবারেই এড়িয়ে চলেন। মিষ্টি খাবার প্রয়োজন হলে তিনি ব্রাউন সুগার খান। সুস্থ থাকতে শিল্পা প্রতিদিন নিয়ম মেনে তিন থেকে চার লিটার জল পান করেন। যা শরীর থেকে দূষিত পদার্থগুলি বের করতে সাহায্য করে। শরীর হাইড্রেটেড রাখা এবং শরীরের বিভিন্ন দূষিত উপাদান দূর করতে তিনি বিভিন্ন ধরনের ডিটক্স পানীয় পান করেন।
শিল্পা রাতের খাবার খান বেশ তাড়াতাড়ি। রাতে ব্রাউন ব্রেডের সঙ্গে থাকে দুটি ডিম ও চা। মাঝে মধ্যেই থাকে স্যালাড ও চিকেন স্যুপ। শরীর ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম ও প্রাণায়ামও করেন অভিনেত্রী। শিল্পা জানিয়েছেন, নিজেকে সুস্থ রাখতে শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতার প্রতিও মনোযোগ দিতে হবে। মন ভাল থাকলে তার প্রভাব শরীরের উপর পড়ে।
