ছবি মুক্তি পাওয়ার কথা পুজোর সময়। কিন্তু মুক্তির আগেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আলোড়ন ফেলেছে রক্তবীজ -২। শুক্রবার সকালেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি রক্তবীজ-২ এর একটি গানের ঝলক প্রকাশ পেয়েছে। ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’, এই গান নিয়ে উদ্বেল চলচ্চিত্রপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো গানের প্রশংসায় ঝড় বইছে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরত জাহান। নুসরতের লিপে এই আইটেম গান এককথায় সুপারহিট। এই গান লিখেছেন কাহিনী ও চিত্রনাট্যকার জিনিয়া সেন। এমন একটি আইটেম গান কীভাবে লিখলেন, এই প্রশ্নের উত্তরে জিনিয়া বলেছেন, তিনি অর্ডার পাওয়ার পরে তবেই বর্ডার ক্রস করেছেন। তবে নিজের লেখা গানকে আইটেম গান বলে মানতে নারাজ জিনিয়া। তিনি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী তিনি এই গান তৈরি করেছেন অর্থাৎ এই গান সিচুয়েশন সং। চিত্রনাট্যকার জিনিয়ার আরও দাবি, নুসরতের লিপে থাকা এই গান ছবিকে প্রাণবন্ত করে তুলবে। অনেক না বলা কথা এই গানের মাধ্যমে দর্শকরা সহজেই বুঝতে পারবেন।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি রক্তবীজ-২। এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন নুসরত। এই ছবিতে নুসরতের পরনে থাকা পোশাকেও রয়েছে বিশেষ বৈচিত্র। বিস্ফোরকের ড্রাম ভেঙে নুসরত যখন সবুজ রঙা স্বল্প পোশাকে বেরিয়ে এলেন তখন তিনি যেন নায়িকা নন, তিনি একেবারে আগুন। চোখ ধাঁধানো পোশাক ও সাজসজ্জা এবং জিনিয়ার লেখা গানের সঙ্গে নুসতের নাচ দর্শকদের রীতিমতো মোহিত করেছে। শিলাজিত মজুমদারের সুরে গান গেয়েছেন শ্রেষ্ঠা দাস। এই গানের দৃশ্যপট থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই গান শুধু আইটেম সং নয়। বরং ছবির গল্প অনুযায়ী এই গানের বিশেষ গুরুত্ব রয়েছে। ছবির অন্যতম চমক অভিনেত্রী মিমি চক্রবর্তী।
নতুন ডিজাইনের পোশাকে নুসরতকে এই ছবিতে একেবারে আলাদাভাবেই দেখতে পাবেন চলচ্চিত্রপ্রেমীরা, এমনটাই দাবি পরিচালকের। ২৬ সেপ্টেম্বর পুজোর সময় মুক্তি পাবে রক্তবীজ-২। ১৪ অগস্ট এই ছবির প্রথম ঝলক দেখেছিল দর্শকরা। যা ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। প্রথম পর্বের মতো রক্তবীজ-২ তে থাকছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মিমি। রক্তবীজে ক্যামিও করেছিলেন অঙ্কুশ হাজরা। এবার মেন ভিলেন। সঙ্গে আছেন সীমা বিশ্বাস এবং কৌশানি মুখোপাধ্যায়।
নুসরত জানিয়েছেন, তিনি বরাবরই নাচতে ভালবাসেন। তবে আইটেম শব্দটা যাতে ভুলভাবে ব্যবহার না করা হয় সে বিষয়ে দর্শকদের অনুরোধ করেছেন নুসরত। তিনি বলেন, কেউ যেন বার ডান্সারদের সঙ্গে গুলিয়ে না ফেলেন। এটা নিছকই নাচ এবং নাচ একটা শিল্প। নুসরত আরও বলেছেন, তাঁর এক জন্মদিনে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁকে এই গানের কথা বলেছিলেন। গানের কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে যান। এই গানের কথায় অনুপ্রবেশের যে ইঙ্গিত রয়েছে তা অত্যন্ত অর্থবাহী। জিনিয়ার লেখা গান এবং শিলাজিতের সুর এই গানকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে।
