যে ছুরি দিয়ে প্রতিবছর জন্মদিনের কেক কাটা হত সেই ছুরি দিয়েই বোনের হেনস্থাকারীকে খুন করল দাদা। শুক্রবার চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। অভিযুক্ত যুবকের নাম অভিষেক টিঙ্গা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিষেকের ছোট বোনকে নিয়মিত জ্বালাতন করত অনিল নামে স্থানীয় এক যুবক। তরুণীকে মাঝেমধ্যে বিয়ের জন্য চাপ দিতে অনিল। এমনকি বিয়ে করলে তাকে অনেক সোনা, রুপোর গয়না কিনে দেবে বলে প্রলোভন দেখাত। কিন্তু অনিলের বিষয়ে ওই তরুণীর প্রবল আপত্তি ছিল। তিনি অনিলকে একেবারেই পছন্দ করতেন না। বিষয়টি অনিলকে জানিয়েও ছিলেন তিনি। কিন্তু তারপরেও অনিল তাকে নিয়মিত বিরক্ত করত। বাধ্য হয়ে অনিলের বিরুদ্ধে দাদা অভিষেকের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই তরুণী। অভিষেক ওই যুবককে সাবধান করলেও সে কথা শোনেনি। এরপরই অনিলকে খুন করার ছক কষে অভিষেক ও তার ঘনিষ্ঠ বন্ধুরা।
অনিলকে খুন করার জন্য অনলাইনে ৫ টি ছুরির অর্ডার দিয়েছিল অভিষেক। গত শুক্রবার মদ্যপান করে পাড়াতেই ঘুরছিল অনিল। সেই সময় অভিষেক ও তার সঙ্গীরা অনিলকে ধরে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। তবে ঘটনার পরই এলাকা ছেড়েছে অভিষেক ও তার সঙ্গীরা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ছুরি কিনলেও কেক কাটা ছুরি দিয়েই অনিলকে খুন করেছে অভিষেক।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
