সম্প্রতি ভারতের জাতীয় ফুটবল দলের কোচ নির্বাচিত হয়েছেন খালিদ জামিল। চলতি মাসের শুরুতেই জামিলের দুই বছরের চুক্তি পাকা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এর পর গত ১৫ অগাস্ট থেকে বেঙ্গালুরুর দ্রাবিড়-পাড়ুকোন সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে নিজের প্রথম প্রশিক্ষণ শিবির শুরুও করে দিয়েছেন জামিল। তারই মাঝে এ বার সদ্য নিযুক্ত জাতীয় কোচকে ঢালাও প্রশংসায় ভরিয়ে দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ওরফে AIFF -এর সভাপতি কল্যাণ চৌবে।
সাম্প্রতিক সাক্ষাৎকারে কল্যাণ চৌবে জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন, একজন ভারতীয় ব্যক্তিত্বের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি অত্যন্ত গর্বের। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি যে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল নিজেদের প্রতি আস্থা রাখা। যখন একজন ভারতীয় ভারতের জাতীয় দলের কোচ হন, তখন এটি আমাদের জন্য গর্বের বিষয়।”
জামিলের হাত ধরে ব্লু টাইগার্স প্রথমে নামতে চলছে কাফা নেশনস কাপে। যেখানে ভারত গ্রুপ বি-তে মুখোমুখি হবে তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তানের। আগামী ২৯ অগাস্ট ও ১ এবং ৪ সেপ্টেম্বর হবে এই খেলাগুলি। এরপর আগামী ৯ এবং ১৪ অক্টোবর ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচও খেলবে ভারত। এ দিকে তার আগেই শোনা যাচ্ছে, জামিলের সঙ্গে ২ বছরের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
২০১২ সালে স্যাভিও মেদেইরার পর পুরুষদের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা প্রথম ভারতীয় জামিলের রেকর্ড ঘরোয়া ফুটবলেও দুর্দান্ত। অতীতে জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, আইজল এফসি, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মুম্বই এফসির মতো দলের দায়িত্ব সামলেছেন তিনি। তাই সভাপতি কল্যাণ চৌবের পাশাপাশি সহ সভাপতি এন এ হারিসও আশাবাদী জামিলের বিষয়ে।
AIFF -এর সহ সভাপতিও বিশ্বাস করেন যে খালিদ জামিল ভারতের ফুটবলে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছেন। তিনি বলেন, “আমরা একজন ভারতীয় কোচকে ভারতীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দিয়েছি। খালিদ জামিল নিজেও একজন ভারতীয় খেলোয়াড় ছিলেন। আমি নিশ্চিত যে আমরা আমাদের দেশের ফুটবলে বিরাট পরিবর্তন আনব।
