বিহারে গ্রেফতার তিন সন্দেহভাজন জঙ্গি । ধৃতরা পাক জঙ্গি সংগঠন জৈশ-ই- মহম্মদ-এর সদস্য বলে অনুমান পুলিসের। সূত্রের খবর, ওই তিন জঙ্গি নেপাল থেকে বিহারে ঢুকেছে। আশঙ্কা, রাজ্যে বড় ধরনের নাশকতার ছক ছিল তাদের। ধৃতরা কেন এবং কীভাবে ভারতে ঢুকেছে তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে সরকারিভাবে এখনও এই গ্রেফতারি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিহার পুলিশ রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে।
বিহার পুলিস ইতিমধ্যেই তিন জঙ্গির নাম ও ছবিও প্রকাশ করেছে। ধৃতদের পাসপোর্টের তথ্যও প্রকাশ করেছে পুলিস। জানা গিয়েছে, ধৃত আদিল হুসেন উমারওকোটের বাসিন্দা। মহম্মদ উসমান বাহাওয়ালপুরের এবং হাসনেন আলি রাওয়ালপিন্ডির বাসিন্দা। পুলিস সূত্রে খবর, অগস্টের দ্বিতীয় সপ্তাহে জঙ্গিরা কাঠমান্ডুতে পৌঁছয়। পরের সপ্তাহে নেপাল সীমান্ত হয়ে বিহারে প্রবেশ করে। গোপন সূত্রে খবর মিলতেই রাজ্য পুলিসের সদর দফতর থেকে সব জেলাকে সতর্ক করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী জেলা মধুবনি, পশ্চিম চম্পারণ, আরারিয়া, কিষানগঞ্জ এবং সুপৌল, সীতামারহিতে সতর্কতা বাড়ানো হয়েছে। পরে ভাগলপুর এবং অন্য জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়। জঙ্গিদের আর কোনও সঙ্গী রাজ্যে প্রবেশ করে আত্মগোপন করে আছে কি না তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
এলাকায় অপরিচিত ও সন্দেহভজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় জানানোর জন্য পুলিস জনগণকে অনুরোধ করেছে। কোনও ব্যক্তি সম্পর্কে সন্দেহজনক কিছু নজরে পড়লে সে বিষয়েও জানানোর কথা বলা হয়েছে। পুলিশ একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।
