মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় এক পেট্রল পাম্প কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। জেলার প্রশাসনিক নির্দেশ মেনে হেলমেট বিহীন বাইক আরোহীদের তেল দিতে চাননি পাম্প কর্তৃপক্ষ। তাঁর জেরেই এই ঘটনা ঘটেছে বলে খবর।
শনিবার ভোর প্রায় ৫টার সময় ভিন্দ-গোয়ালিয়র জাতীয় সড়কের ধারে সাবিত্রী লোধী পেট্রোল পাম্পে কাজ করছিলেন তেজ নারায়ণ নারওয়ারিয়া (৫৫)। এই সময় দুই যুবক হেলমেট ছাড়া মোটরবাইক নিয়ে পাম্পে আসে। নারওয়ারিয়া তাদের জানিয়ে দেন, জেলাশাসকের নির্দেশ অনুযায়ী হেলমেট না থাকলে পেট্রল দেওয়া যাবে না।
এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই যুবক অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে এবং মুহূর্তের মধ্যে গুলি চালায়। একটি গুলি নারওয়ারিয়ার হাতে লাগে। পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন যুবক পিস্তল দিয়ে এবং আরেকজন রাইফেল দিয়ে একাধিকবার গুলি চালাচ্ছে। ভয়ে পাম্পের অন্য কর্মীরা লুকিয়ে পড়েন।
ঘটনার পর গুরুতর আহত নারওয়ারিয়াকে প্রথমে ভিন্দ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে গোয়ালিয়রের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ভিন্দ জেলার গ্রামীণ থানা এলাকার বিজপুরি গ্রামের বাসিন্দা। ওই দিন বিজপুরি গ্রামে একটি কুস্তি প্রতিযোগিতা চলছিল এবং তারা সেখানে যাওয়ার পথে পেট্রল নিতে এসেছিল।
বারোহি থানার ইনচার্জ অতুল ভদোরিয়া বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করা হবে।”
