অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘বাঘি ৪’-এর ট্রেলার। ছবিতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, হরনাজ স্যান্ডু ও সোনম বাজওয়া। প্রায় ৩ মিনিটের ট্রেলারে টাইগারকে ঘিরে দেখানো হয়েছে একের পর এক অ্যাকশন ভরপুর দৃশ্য।
ট্রেলারে দেখা যায়, ভিলেনের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। তিনি টাইগারের চরিত্র রনি-র প্রেমিকা আলিশাকে (হরনাজ স্যান্ডু) বন্দি করে রেখেছেন। শুরুর কয়েক সেকেন্ডেই দর্শকরা বুঝতে পারেন রনিকে মানসিকভাবে ভারসাম্যহীন বলা হচ্ছে। সে আলিশার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে, অথচ আশেপাশের কেউ আলিশাকে কখনও দেখেনি। ফলে তার কথা অন্যরা বুঝতে পারে না। এরপর শুরু হয় তীব্র অ্যাকশনের ঝড়, হিংস্র লড়াই, উত্তেজনাপূর্ণ সংঘর্ষ আর নাটকীয় সমাপ্তির ঝলক।
ফ্যানদের প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই ব্লকবাস্টার ট্যাগ পেয়েছে ট্রেলার। দর্শকরা বিশেষভাবে প্রশংসা করেছেন সঞ্জয় দত্তের ভিলেন অবতারের। আবার টাইগারের চরিত্রকে অনেকেই তুলনা করেছেন অ্যানিম্যাল-এর রণবিজয় সিংহের সঙ্গে।
‘বাঘি ৪’ হল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। ২০১৬ সালে প্রথম ‘বাঘি’ মুক্তি পায়, যেখানে টাইগারের সঙ্গে ছিলেন শ্রদ্ধা কাপুর। ‘বাঘি ২’-এ টাইগারের সঙ্গে ছিলেন দিশা পাটানি ও মনোজ বাজপেয়ী। ‘বাঘি ৩’-তে ফের আসেন শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ। শেষ ছবি ‘বাঘি ৩’ মুক্তি পেয়েছিল ২০২০ সালের ৬ মার্চ এবং প্রশংসা কুড়িয়েছিল।
নতুন এই ছবির চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, যিনি ছবিটি প্রযোজনাও করেছেন। ছবিটির পরিচালনায় রয়েছেন এ. হর্ষা।
