অনুপমের প্রশংসায় বিবেক
আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানালেন, অনুপম খের “শুধু ভারতীয় নয়, বিশ্ব সিনেমার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা।”
পরিচালক ইনস্টাগ্রামে সেট থেকে অনুপম খেরের গান্ধীর লুকে একটি বিহাইন্ড-দ্য-সিন ভিডিয়ো শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “ন্যাশনাল অ্যাওয়ার্ডজয়ী, পদ্মশ্রী ও পদ্মভূষণপ্রাপ্ত অনুপম খের সাহেব, তিনি শুধু ভারতীয় সিনেমার সেরা নন, বরং বিশ্ব সিনেমার এক প্রকৃত আলোকবর্তিকা। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ তিনি গান্ধীর চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্র সত্য, সততা ও গভীরতা দাবি করে। প্রজ্ঞা, উষ্ণতা এবং অনন্য শৃঙ্খলার মাধ্যমে খের সাহেব প্রমাণ করেছেন তিনি প্রকৃত অর্থেই এক সিনেমাটিক আইকন।’
বিবেক অগ্নিহোত্রী আরও যোগ করেন যে, গান্ধীর মতো একটি চরিত্রকে রূপদান করতে গেলে গভীর মানসিকতা, সত্যের প্রতি অঙ্গীকার ও অভিনয়ের সততা প্রয়োজন। অনুপম খের সেই জায়গায় পৌঁছেছেন নিখুঁতভাবে।
আগস্টের শুরুতেই কলকাতায় ছবিটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বিতর্ক দানা বাঁধে। ট্রেলারটি শুরু হয় বাংলার বিভাজনের পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে একটি মনোলগ দিয়ে। সেখানে দেখা যায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী ও দর্শন কুমার-এর মতো তারকারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
ভিডিয়োতে কলকাতায় হিন্দু-মুসলমান দাঙ্গার নৃশংস হত্যালীলার দৃশ্য তুলে ধরা হয়েছে। এক চরিত্রকে বলতে শোনা যায়, “ভারতের আলোকবর্তিকা হচ্ছে বাংলা,” যেখানে দেখানো হয়েছে কীভাবে বাংলার মানুষ বিভাজনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিল।
ছবিটি অবিভক্ত বাংলার ১৯৪০-এর দশকের সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র ফুটিয়ে তুলেছে। বিশেষত ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালি হত্যাকাণ্ড, যা হিন্দু গণহত্যা হিসেবে ইতিহাসে নথিভুক্ত, সেই ঘটনাই ছবির মূল প্রেক্ষাপট। ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তি পাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর।
