১৩৯৬ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে শনিবার ভুবনেশ্বরে শক্তিরঞ্জন দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই তল্লাশি অভিযানে ১০টি বিলাসবহুল গাড়ি, ৩টি সুপার বাইক এবং বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য এক থেকে দেড় কোটি টাকা। ভুবনেশ্বরে শক্তিরঞ্জনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মিলেছে নগদ ১৩ লক্ষ টাকা এবং কয়েক কোটি টাকার সম্পত্তির নথিপত্র।
জানা গিয়েছে, ২০০২ সালে ওড়িশার একটি সংস্থার বিরুদ্ধে ১৩৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই প্রতারণা মামলাতেই ব্যবসায়ী শক্তিরঞ্জন দাসের বাড়িতে তল্লাশি চালান ইডির তদন্তকারীরা।
শনিবার সেই তল্লাশি অভিযানে ওই ব্যবসায়ীর ভুবনেশ্বরের বাড়ি, অফিস এবং আরও কয়েকটি জায়গা থেকে ১০টি বিলাসবহুল গাড়ি, তিনটি সুপার বাইক, বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে নামে বেনামে থাকা বিভিন্ন সম্পত্তির নথিপত্র। এই প্রতারণা মামলায় শক্তিরঞ্জনের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। এর আগে এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৩১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। ইডি সূত্রের খবর, যে সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠেছে সেই সংস্থাটি এবং আরও কয়েকটি সংস্থা শক্তিরঞ্জনের সংস্থার অ্যাকাউন্টে ৫৯ কোটি টাকা জমা করে। ওই ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় শক্তিরঞ্জন ছাড়া আর কারা জড়িত তা জানতে কয়েকদিন ধরেই সক্রিয় ইডি।
