মারণ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইতে অবশেষে হার মানলেন প্রিয়া মারাঠে। ‘পবিত্র রিশতা’-র জনপ্রিয় অভিনেত্রী রবিবার মারা গেলেন মুম্বইতে। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন বছর ৩৮-এর দাপুটে অভিনেত্রী। হিন্দি এবং মারাঠি টিভি শোতে তাঁর অভিনয় নজর কেড়েছিল আম জনতার।
প্রিয়া মারাঠে একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং টেলিভিশন অভিনেত্রী। ২৩ এপ্রিল, ১৯৮৭ সালে মুম্বইতে জন্ম। স্কুল এবং কলেজ জীবন সম্পূর্ণ করেন মুম্বইতেই। পড়াশোনা শেষ করার পর, তিনি অভিনয় জগতে পা রাখেন। মারাঠি সিরিয়াল ‘ইয়া সুখানোয়া’ এবং তারপর ‘চার দিবস সাসুচে’-এর মাধ্যমে ছোট পর্দায় তাঁর আত্মপ্রকাশ।
বালাজি টেলিফিল্মসের ‘কসম সে’-তে বিদ্যা বালির ভূমিকায়ও অভিনয় করেছিলেন প্রিয়া। এবং পরে ‘কমেডি সার্কাস’-এর প্রথম সিজনে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে জনপ্রিয় দৈনিক সোপ ‘বড়ে ভালো লাগাতে হ্যায়’-এ জ্যোতি মালহোত্রার চরিত্রে অভিনয় করেছেন, যা সোনি টিভিতে সম্প্রচারিত হয়েছিল ২০১২ সালে। তার অন্যান্য কাজের মধ্যে ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’ এবং ‘ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ’-এর মতো জনপ্রিয় শোও রয়েছে। তবে জি টিভিতে সম্প্রচারিত ‘পবিত্র রিশতা’-তে বর্ষা সতীশের ভূমিকাই তাঁকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে। একতা কাপুরের ‘পবিত্র রিশতা’-তে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে।
প্রিয়া মারাঠে ২০০৮ সালে হিন্দি ছবি ‘হামনে জিনা সিখ লিয়া’-এ অভিনয় করেছেন। তিনি গোবিন্দ নিহালানি পরিচালিত মারাঠি সিনেমা ‘তি আনি ইতার’-এও ছিলেন। ফিল্মে তাঁর সহ অভিনেতাদের মধ্যে ছিলেন সুবোধ ভাবে, সোনালি কুলকার্নি, অমৃতা সুভাষ, ভূষণ প্রধান, গণেশ যাদব এবং আবিষ্কর দারভেকার। শান্তনু মোঘের সঙ্গে ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া।
