সম্প্রতি ফাঁস হয়েছে ২০০৮ সালের আইপিএলে শান্তাকুমারন শ্রীসন্থকে হরভজন সিংয়ের চড় মারার অদেখা ভিডিয়ো ফুটেজ। একটি পডকাস্টে মাইকেল ক্লার্কের মুখোমুখি হয়ে এই ভিডিয়ো ফাঁস করেছেন আইপিএলের তৎকালীন চেয়ারম্যান ললিত মোদি। এর পাশাপাশি আরও একটি ঘটনার খবর সামনে এনেছেন মোদি। যা ঘটেছিল ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন।
দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ডারবানের মাঠে স্টুয়ার্ট ব্রডকে একটি ওভারে ছয় বারই স্ট্যান্ডে ফেলেছিলেন যুবি। পডকাস্টটিতে ললিত মোদি জানিয়েছেন, এই ৬ ছক্কার ঘটনার পরই ভারতের তারকা ব্যাটারকে তিনি একটি পোর্শে গাড়ি উপহার দিতে বাধ্য হয়েছিলেন। কারণ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি।
ক্লার্ককে মোদি বলেন, বিশ্বকাপ শুরুর আগে তিনি ভারতীয় ক্রিকেটারদের জানিয়েছিলেন যে যদি কেউ এক ওভারে ৬ টি ছক্কা হাঁকাতে অথবা ৬ টি উইকেট নিতে সক্ষম হন তা হলে তাঁকে তিনি (মোদি) একটি পোর্শে গাড়ি উপহার হিসাবে দেবেন। এর পর যুবি সেই কাজ করে দেখান। এবং ব্রডকে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে সরাসরি ছুটে এসে তিনি নিজের পোর্শের দাবি করেন বলে জানিয়েছেন মোদি।
মোদির কথায়, “২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমি সবাইকে বলেছিলাম, যে এক ওভারে ছয়টি ছক্কা মারতে পারবে অথবা ৬ উইকেট নিতে পারবে তাকে একটি পোর্শে দেওয়া হবে। এর পর ব্রডকে ছয় ছক্কা মারার পর যুবরাজ সীমানার বাইরে আমার দিকে তাকিয়েছিল। ফেরত আসার সময় সে ব্যাট তুলে আমার কাছে ছুটে এসে বলে, ‘আমি আমার পোর্শে চাই।’ তখন আমিও বলি, আমাকে তোমার ব্যাটটা দাও।”
অর্থাৎ পোর্শের বিনিময়ে যুবরাজের ছয় ছক্কার ব্যাটটি দাবি করেছিলেন বলে জানান ললিত মোদি। উল্লেখ্য, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল নায়ক হিসেবে যুবরাজের উঠে আসার মহামঞ্চ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে শেষ পর্যন্ত ১৬ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে গিয়েছিলেন তিনি। এর পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ বলে করেন ৭০ রান। এই দুই ইনিংসই ছিল টিম ইন্ডিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অন্যতম মুখ্য অনুপ্রেরণা।
