বিক্রান্ত রায়
অনেক গড়িমসির পর শীর্ষ আদালতের নির্দেশে শনিবার এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা প্রকাশ হতেই ঝুলি থেকে বেড়িয়ে পড়েছে বিড়াল। তালিকায় দেখা যাচ্ছে বহু প্রভাবশালী ও তাঁদের আত্মীয়স্বজনের নাম। যাদের অধিকাংশই শাসক দল তৃণমূলের লোকজন। তালিকায় আছে পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক এবং তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। শম্পার নাম রয়েছে এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকায়।
এসএসসির অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে তাতে ১২৬৯ নম্বরে জ্বলজ্বল করছে নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, এসএসসি সংক্রান্ত মামলা আদালতের বিচারাধীন। তাই তিনি এই সম্পর্কে কিছু বলবেন না। তবে তিনি মনে করেন, আইন আইনের পথে চলবে। কোনটা সত্যি কোনটা মিথ্যে তা একদিন স্পষ্ট হবে।
অন্যদিকে নির্মলের পুত্রবধূ চাকরি-হারা শিক্ষিকা শম্পার প্রশ্ন, কীসের ভিত্তিতে এসএসসি এই তালিকা প্রকাশ করল? কোন তথ্যের ভিত্তিতে এসএসসি তাঁদের অযোগ্য ঘোষণা করল? এসএসসি আদালতে বারবার বলেছে ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে। তাহলে কীসের ভিত্তিতে বা কীভাবে অযোগ্যদের তালিকা তৈরি করল এসএসসি? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শম্পা ঘোষ।
